এ কোন দেশে বসবাস করছি: এরশাদ
সরকারি আদেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এইচএম এরশাদ।
বিএনপি দলীয় একাধিক মেয়রকে বরখাস্ত করার ঘটনার মধ্যে মঙ্গলবার দলীয় এক অনুষ্ঠানে সরকারের সমালোচনা করেন আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় পার্টির চেয়ারম্যান।
এরশাদ বলেন, “এখন দেখি নির্বাচিত চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়। এ কোন দেশে বসবাস করছি? চেয়ারম্যান জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাকে বরখাস্ত করা যায় না।”
আদালতের রায় নিয়ে দায়িত্বে ফেরার পরপরই রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও মোসাদ্দেক হোসেন বুলবুল এবং হবিগঞ্জের মেয়র জি কে গউছকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার কথা বলে মন্ত্রণালয়ের আদেশে তাদের বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে পদে ফেরার পর নতুন মামলা দেখিয়ে তাদের বরখাস্ত করা হয়।
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলে নতুন কর্মী যোগদান অনুষ্ঠানে স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণে নিজের কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।
“আমি উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেছিলাম। বিএনপি এটা বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ আবার শুরু করেছে, কিন্তু একে ক্ষমতাহীন করে রেখেছে।”
১৯৮২ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতায় বসেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর ৯০ সালে ব্যাপক ছাত্র-যুব আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন তিনি।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে অংশ নিয়েও দলটি বর্তমান সংসদে বিরোধী দলে আসীন। তার স্ত্রী দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা হিসেবে ভূমিকা পালন করছেন।
এছাড়া এরশাদকে বিশেষ দূত নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
