২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলনে ছাত্র ইউনিয়ন

শিক্ষা-সংস্কৃতি রক্ষায় ঐক্য গড়ে তোলার আহ্বানে ৩৮তম সম্মেলন শুরু করেছে ছাত্র ইউনিয়ন, চার দিনের এই সম্মেলনে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 10:23 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে পুরনো এই বাম ছাত্র সংগঠনটির সম্মেলন উদ্বোধন করে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এমিরেটাস অধ্যাপক বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাকে উৎসাহিত করার বিপদের দিকটি তুলে ধরে বলেন, “আমাদের শাসকরা মাদ্রাসা শিক্ষাকে উৎসাহিত করছেন। কেবল উৎসাহিত করছেন তা নয়, মাদ্রাসাভিত্তিক যে সংগঠন হেফাজতে ইসলাম তার দাবির কাছে নত হয়েছে।

“আমাদের পাঠ্যপুস্তকের যে পরিবর্তন আনছেন, সে পরিবর্তন ভবিষ্যতের জন্য অশনি সংকেত। পরিবর্তন যা হচ্ছে তা মাধ্যমিকে আর মাধ্যমিক আক্রান্ত হচ্ছে মাদ্রাসার দ্বারা- এটা হচ্ছে বাস্তবতা।”

জঙ্গিরা ভ্রান্ত আদর্শে প্ররোচিত হয়ে প্রাণ দিচ্ছে মন্তব্য করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “তারাও পুঁজিবাদী, যদিও তারা পুঁজিবাদের বিরুদ্ধে লড়েছে বলে মনে হয়।

“এই জঙ্গিরা পুরোপুরি পুঁজিবাদী। তারা মনে করছে পরকালের জন্য পুঁজি সঞ্চয় করছে। একালে সঞ্চয় দিয়ে পরকালে বেহেশতে চলে যাবে। সেই যে পুঁজিবাদীর ধারণা, পরকালের জন্য পুঁজির ধারণা দ্বারা পরিচালিত হচ্ছে।”

বাংলাদেশ স্বাধীন হলেও ‘মুক্ত’ হতে পারেনি মন্তব্য করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা যে উন্নতি আজকে এখানে লাভ করেছি, সেই উন্নতি দৈত্যের মতো এবং এই উন্নতি অন্তরালে কান্না আছে বেদনা আছে।”

উদাহরণ হিসেবে তিনি বলেন, “দেখি চারদিকে উন্নতি হয়েছে; কত গাড়ি, দালানকোঠা, কত দোকান, কত মানুষের আনাগোনা; কিন্তু আমরা দেখি এই বুড়িগঙ্গা নদী নর্দমায় পরিণত হয়েছে। দেখি, এই নদী বিষাক্ত হয়ে পড়ছে।

“এই যে উন্নতির অভ্যন্তরে মানুষের কান্না। সেই কান্না বুড়িগঙ্গায় গেলে পাওয়া যাবে। আমাদের অনেক নদীর কাছে গেলেও পাওয়া যাবে।”

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাস প্রতিষ্ঠার যে সংগ্রাম, তার সঙ্গে ছাত্র ইউনিয়ন ওতপ্রোতভাবে জড়িত।

“সেই ৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্যে থেকে ছাত্র ইউনিয়ন বেরিয়ে এসেছিল। সেই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই আন্দোলনের যে উদ্দীপনা, তা ধারণ করে ছাত্র ইউনিয়ন এগিয়েছে, বাংলাদেশও এগিয়েছে।”

সিরাজুল ইসলাম চৌধুরীর হাতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠানের শুরু হয়। সংগঠনের পতা উত্তোলন করেন ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার।

সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক সুমন সেনগুপ্ত।

উদ্বোধন অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা বের হয়। বিকালে টিএসসির রাজু ভাস্কর্যে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার সকাল ১১টায় টিএসসিতে শ্রীলংকা, নেপাল, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা ছাত্র নেতাদের নিয়ে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের যৌথ উদ্যোগে ‘নব উদারবাদে আগ্রাসনে শিক্ষা সংস্কৃতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

৪ ও ৫ এপ্রিল কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে ৩৮তম সম্মেলনের পর্দা নামবে।