২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে সাংবাদিকদের অংশ নেওয়ার আহ্বান খালেদার

‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 12:32 AM

Updated : 11 Apr 2022, 11:19 PM

শনিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সারা দেশের ১২টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ওই সাক্ষাতে ছিলেন।

রুদ্ধদ্বার ওই বৈঠকের পর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ সাংবাদিকদের বলেন, “বিএফইউজের দ্বি-বার্ষিক সম্মেলন শেষে রাতে আমরা সাক্ষাৎ করতে গেলে বেগম খালেদা জিয়া এই আহ্বান জানিয়েছেন।

“তিনি (খালেদা জিয়া) বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই, কথা বলার পরিবেশ নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই। মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। চট্টগ্রামে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম নুরুকে কীভাবে বাসা থেকে তুলে নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যা করেছে, তা গণমাধ্যমের সংবাদে দেশবাসী জানতে পেরেছে। এই নির্মমতা সব কিছুকে হার মানিয়েছে।

“এভাবে প্রতিনিয়ত ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে চলেছে, যার কোনো প্রতিকার নেই।”

শওকত মাহমুদ বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ‘গণতন্ত্র ফিরিয়ে আনা’ এই অবস্থা থেকে উত্তরণে একমাত্র পথ হিসেবে দেখছেন খালেদা জিয়া। দল গুছিয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এই বৈঠকে শওকত মাহমুদের নেতৃত্বে সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, সাবেক মহাসচিব এম এ আজিজ, বর্তমান মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ বিভিন্ন জেলার সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানও বৈঠকে ছিলেন।

সকালে জাতীয় প্রেস প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপি সমর্থিত বিএফইউজের দ্বি-বার্ষিক সম্মেলন হয়।