তোমরা কী করেছ: বিএনপিকে রওশন
জাতীয় পার্টিকে ‘গৃহপালিত’ বিরোধী দল বলায় বিএনপিকে পাল্টা আক্রমণ করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান বৃহস্পতিবার সংসদে বলেছেন, “আজেবাজে কথা বলে। বলে আমরা গৃহপালিত বিরোধী দল। তোমরা কী করেছো? সংসদে যাওনি।”
বিএনপির বর্জনের মধ্যে দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলের চেয়ারে বসার পাশাপাশি মন্ত্রিত্বও নিয়েছে জাতীয় পার্টি। তখন থেকে বিএনপি নেতারা জাতীয় পার্টিকে ‘গৃহপালিত বিরোধী দল’ বলে আসছেন।
রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় রওশন রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি আস্থাহীনতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি তার দলের ভূমিকা ব্যাখ্যা করেন।
তিনি বলেন, “আমরা এক দল আরেক দলকে বিশ্বাস করি না। তাহলে জনগণ ভোট দেবে কীভাবে? কোনো সময় আমরা একমত হই না। এটা আমাদের ছাড়তে হবে।
“আমরা (জাতীয় পার্টি) জনগণের জন্য কাজ করছি। দেশের জন্য কাজ করছি। আমরা যদি মিলে মিশে থাকি দেশ আরও এগিয়ে যাবে। আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার, করব।”
বাংলাদেশের আটটি বিভাগে হাই কোর্টে বেঞ্চ গঠনের দাবিও জানান বিরোধীদলীয় নেতা; যা বিচার বিভাগের এখতিয়ার বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
রওশন প্রথমে তার জেলা ময়মনসিংহে একটি হাই কোর্ট বেঞ্চ চাইলে তার আশপাশ থেকে সংসদ সদস্যরা ‘সব বিভাগে’ বলে শোর তোলেন।
তখন তিনি বলেন, “আমি ময়মনসিংহেরটা বলব। সব বিভাগে হলে ভালো হয়।
“চিফ জাস্টিসের সাথে কথা বলেছি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আদেশ দিলে করে দেবেন। উনিও চাচ্ছেন। আপনি বললেই করবে।”
সংসদে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে এই কথাটি বলেন বিরোধীদলীয় নেতা।
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আগে আরও চিন্তা-ভাবনা করে প্রধানমন্ত্রীকে কাজ করার আহ্বান জানান রওশন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, “উনার উদ্যোগ আছে। নিজেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আরও একটু ভালোভাবে করলে জনগণ উপকার পাবে।”
হকারদের কর্মসংস্থানে শহরে ‘একটি বাড়ি একটি দোকান’ প্রকল্প নেওয়ার আহ্বান জানান রওশন।
সরকারি চাকরিতে প্রবেশের সময়সীমা ৩০ বছরের জায়গায় ৩৫ বছর করার দাবিও জানান তিনি।
সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের দাবিও প্রধানমন্ত্রীকে জানান বিরোধীদলীয় নেতা।
“সরকারি কর্মচারীদের বেতন বেড়েছে, সাংবাদিকদের বাড়েনি। দেশের দায়িত্ব আপনার (প্রধানমন্ত্রী) উপর। সব দায়িত্ব আপনার। আপনি অনেক বেশি জনদরদী, সেজন্য আপনার কাছে বলা হচ্ছে।”
