খালেদার মামলায় আদালত বদল, ৬০ দিনে নিষ্পত্তির নির্দেশ
নিম্ন আদালতের বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন মঞ্জুর করে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত বদলে দিয়েছে হাই কোর্ট।
ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে আসামির আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে থাকা মামলাটি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে স্থানান্তর করে ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
খালেদা জিয়ার আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
বিগত জরুরি অবস্থার সময় দায়ের করা এ মামলায় অভিযোগ গঠন হয়েছিল ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে। এরপর ২০১৪ সালের ১৮ ডিসেম্বর সরকার বাসুদেব রায়কে বদলি করে, তার জায়গায় আসেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদার।
বাসুদেব রায়কে নিয়ে আপত্তি জানিয়ে আসা বিএনপি সে সময় বিচারক বদল নিয়েও প্রশ্ন তুলেছিল। নতুন আদালতে সাক্ষ্যগ্রহণ শুরুর পর খালেদার আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে তার আইনজীবীরা এ বিচারকের প্রতি অনাস্থা জানান।
এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক।
২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় এ মামলায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।
আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। খালেদার বড় ছেলে তারেক রহমান গত নয় বছর ধরে দেশের বাইরে, তার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
এছাড়া সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।
খালেদার আইনজীবীরা এ মামলার পুনঃতদন্ত চেয়ে আবেদন করেছিলেন। বিচারক গত ২ ফেব্রুয়ারি ওই আবেদনের শুনানি করার আগে আসামি খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানি করতে চাইলে আইনজীবীরা আপত্তি জানান।
বিচারক পরে আবেদনটি খারিজ করে দিয়ে খালেদা জিয়ার কাছে জানতে চান- তিনি দোষী না নির্দোষ। এ প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে খালেদাও সে সময় বিচারকের প্রতি আনাস্থা প্রকাশ করেন।
এরপর গত ৮ ফেব্রুয়ারি বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাই কোর্টে আবেদন করেন খালেদা জিয়া। মামলাটি অন্য আদালতে স্থানান্তরেরও আরজি জানানো হয় সেখানে।
এ মামলায় অভিযোগের একটি অংশের পুনঃতদন্তের জন্য খালেদার করা আরেকটি আবেদন হাই কোর্টের একই বেঞ্চে বিচারাধীন। বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের দিন রাখা হয়েছে
