২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার অনাস্থা: হাই কোর্টের আদেশ ৮ মার্চ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনাস্থার কারণে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত বা বিচারক বদলাবে কি না, তা জানা যাবে ৮ মার্চ।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 07:31 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

ওই দিন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে। 

খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষে রোববার হাই কোর্ট আদেশের এই দিন ঠিক করে দেয়।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। অন‌্যদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

রাগিব রউফ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ নিয়ে চার দিন শুনানি হয়েছে। আজ শুনানি শেষ হয়েছে। আদালত আগামী ৮ মার্চ আদেশের জন্য রেখেছে।”

এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে বিগত জরুরি অবস্থার সময় রমনা থানায় জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। মামলাটি ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে রয়েছে।

খালেদার আইনজীবীরা এ মামলার পুনঃতদন্ত চেয়ে আবেদন করেছিলেন। বিচারক গত ২ ফেব্রুয়ারি ওই আবেদনের শুনানি করার আগে আসামি খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানি করতে চাইলে আইনজীবীরা আপত্তি জানান।

বিচারক পরে আবেদনটি খারিজ করে দিয়ে খালেদা জিয়ার কাছে জানতে চান- তিনি দোষী না নির্দোষ। এ প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে খালেদাও সে সময় বিচারকের প্রতি আনাস্থা প্রকাশ করেন।

এরপর গত ৮ ফেব্রুয়ারি বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাই কোর্টে আবেদন করেন খালেদা জিয়া। মামলাটি অন্য আদালতে স্থানান্তরেরও আরজি জানানো হয়।

২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় এ মামলায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।

আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। খালেদার বড় ছেলে তারেক রহমান গত নয় বছর ধরে দেশের বাইরে, তার বিরুদ্ধে এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

এছাড়া সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।

পুরনো খবর:

বিচারকের প্রতি খালেদার অনাস্থা
আদালত বদলের আবেদন নিয়ে হাই কোর্টে খালেদা
বিচারকের প্রতি অনাস্থা: খালেদার আবেদনের শুনানি ২২ ফেব্রুয়ারি