খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ায় প্রতিবাদ কর্মসূচি
অবরোধে নাশকতার এক মামলায় কুমিল্লায় খালেদা জিয়াকে আসামি করে অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে কর্মসূচি দিয়েছে বিএনপির সহযোগী তিনটি সংগঠন।
মঙ্গলবার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আলাদা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কর্মসূচি ঘোষণা করেছে।
যুব দল ৮ মার্চ উপজেলা ও থানায়, ৯ মার্চ জেলা শহরে ও ১১ মার্চ মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে।
স্বেচ্ছাসেবক দল ৮ মার্চ জেলা-মহানগরে, ৯ মার্চ থানা-পৌরসভা-উপজেলায় বিক্ষোভ সমাবেশ করবে।
ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ হবে ১১ মার্চ শনিবার সব জেলা-মহানগর-উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে।
২০১৫ সালের ফ্রেব্রুয়ারিতে চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমায় আটজনের মৃত্যুর এই মামলায় সোমবার কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
অভিযোগপত্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতের সাবেক সংসদ সংসদ সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ মোট ৭৮ জনকে আসামি করা হয়েছে।
