২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ হবে, আশা ১৪ দলের
২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
সোমবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ দাবি তোলা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন জোটের নেতারা।
১১ মার্চের সংসদ অধিবেশনেই প্রস্তাবের প্রেক্ষিতে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে গৃহীত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “আমরা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছি। আশা করি তা ১১ মার্চ সংসদে পাস হবে।”
জাতীয় পার্টির (মঞ্জু) মহাসচিব শেখ শহিদুল ইসলাম খান ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াও সংবাদ সম্মেলনে একই মন্তব্য করেন।
বিএনপি আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, “নির্বাচন পরিচালনা ও নির্বাচনকালীন সরকার নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
বিএনপির নিবন্ধন বাতিল হলে নিবন্ধন কারও থাকবে না- সম্প্রতি বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের এমন বক্তব্যের জবাবে নাসিম বলেন, “নির্বাচনে আসা না আসা রাজনৈতিক দলের নিজস্ব ব্যপার। এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই বিএনপি এভাবে বিভিন্ন স্টাইলে কথা বলছে।”
শনিবার এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “যদি এদেশে বিএনপির নিবন্ধন বাতিল হয়, সে দেশে আমার মনে হয়, কোনো দলের নিবন্ধন সেদিন থাকবে না।”
দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন টিকিয়ে রাখতে একাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।
১৪ দলের বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আফজাল হোসেন, বিপ্লব বড়ুয়া, এসএম কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, গণ-আজাদী লীগের এস কে শিকদার, তরিকত ফেডারেশনের এমএ আউয়াল ও গণতন্ত্রী পার্টির শাহাদাৎ হোসেন।
