২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদেরের হেলিকপ্টারের জরুরি অবতরণ

ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে বিরূপ আবহাওয়ার কারণে সিরাজগঞ্জে জরুরি অবতরণে বাধ‌্য হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টার।

সিরাজগঞ্জ প্রতিনিধি

জ‌্যেষ্ঠ প্রতিবেদক ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 03:32 PM

Updated : 11 Oct 2022, 01:34 PM

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সোমবার নওগাঁ যাচ্ছিলেন কাদের। দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীও এই সফরে তার সঙ্গে রয়েছেন।

সিরাজগঞ্জের তাড়াশের উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে দেশীগ্রাম ইউনিয়নের ক্ষিরশিং এলাকায় একটি আবাদি জমিতে হেলিকপ্টারটি নামে।

আবহাওয়া অনুকূলে এলে আধা ঘণ্টা পর মন্ত্রী ও তার সফরসঙ্গীরা ওই হেলিকপ্টারে করেই গন্তব‌্যের উদ্দেশ‌্যে রওনা হন বলে জিল্লুর রহমান জানান। 

তিনি বলেন, “জেলা প্রশাসকের মাধ্যমে খবর পেয়ে আমি তাড়াশ থানা থেকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। হেলিকপ্টারটি নেমেছিল খারাপ আবহাওয়ার কারণে। কোনো যান্ত্রিক ক্রটি হয়নি বলে জেনেছি।”

খালিদ মাহমুদ চৌধুরী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ভাড়া করা হেলিকপ্টারে নওগাঁ যাচ্ছিলেন তারা। 

“ওড়ার আধা ঘণ্টা পর ঝড়ের মধ‌্যে কিছুই দেখা যাচ্ছিল না। এ কারণে পাইলট একটি আদিবাসী গ্রামের মাঠে হেলিকপ্টার নামাতে বাধ‌্য হন। পরে নিরাপদেই নওগাঁ পৌঁছেছি।”

এদিকে হেলিকপ্টার নামার পর তাতে সেতুমন্ত্রীর থাকার খবরে স্থানীয় লোকজন সেখানে ভিড় করে। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও ঘটনাস্থলের দিকে রওনা হন।

তবে তাদের সঙ্গে ওবায়দুল কাদেরের সাক্ষাৎ হয়নি বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।