২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির অবস্থান কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

ঢাকাসহ সারাদেশে দুই ঘণ্টা অবস্থান নিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাবে বিএনপি। ঢাকায় ইনস্টিটিউশনের সামনে বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করবে দলটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 07:05 PM

Updated : 11 Apr 2022, 11:06 PM

বুধবার বিকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ভোটারবিহীন সরকার জনগণের পকেট থেকে টাকা হাতিয়ে নিতে গ্যাসের দাম বাড়িয়েছে। সরকারের এই গণবিরোধী ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টা অবস্থান কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাবে।

“ঢাকায় আমরা এই কর্মসূচি করব ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশনের সামনে। আমাদের এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।”

এ কর্মসূচি পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও চান রিজভী।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ২৩ ফেব্রুয়ারি গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়।

এর প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা সোমবার ঢাকায় অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করে।বিএনপি দেয় অবস্থান কর্মসূচি। 

বিইআরসির ঘোষণা অনুযায়ী, আবাসিক গ্রাহকদের আগামী ১ মার্চ থেকে এক চুলার জন্য মাসে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা দিতে হবে, যা এতদিন ছিল যথাক্রমে ৬০০ টাকা ও ৬৫০ টাকা। দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলার জন্য মাসিক বিল ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা হবে।

গৃহস্থালিতে মিটারে যারা গ্যাসের বিল দেন, তাদের মার্চ থেকে প্রতি ঘনমিটার গ্যাসের ব্যবহারের জন্য জন্য ৯ টাকা ১০ পয়সা এবং জুন থেকে ১১ টাকা ২০ পয়সা করে দিতে হবে। এতদিন প্রতি ঘনমিটারে তাদের বিল হত ৭ টাকা করে।

অর্থাৎ, রান্নার গ্যাসের জন্য চুলাভিত্তিক গ্রাহকদের প্রতি মাসে ৫০ শতাংশ এবং মিটারভিত্তিক গ্রাহকদের ৬০ শতাংশ বেশি অর্থ খরচ হবে।

তবে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত দ্বিতীয় ধাপে গ্যাসের দাম বাড়ানোর ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে।