২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাম ইস্যুতে হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে: হাছান

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বামদলগুলোর ডাকা হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 02:10 PM

Updated : 11 Oct 2022, 01:32 PM

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, “স্কুল কলেজ, রাস্তা-ঘাটে মানুষের উপস্থিতি দেখলে কেউ বলবে না, আজকে হরতাল ডাকা হয়েছে। দেশের মানুষ সম্পূর্ণভাবে এ হরতাল প্রত্যাখ্যান  করেছে।

“যারা হরতাল ডেকেছেন, তাদের যদি লজ্জা থাকে তাহলে আর এই ইস্যুতে তারা কথা বলবেন না। লজ্জা থাকলে ভবিষ্যতে আর এই ইস্যুতে কথা বলবেন না, হরতাল ডাকবেন না।”

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ২৩ ফেব্রুয়ারি গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পরদিন সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা আলাদাভাবে এই হরতালের ঘোষণা দেয়। তাতে সমর্থন জানায় আরও কয়েকটি দল।

Image
হাছান মাহমুদ (ফাইল ছবি)

হাছান মাহমুদ (ফাইল ছবি)

বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত হরতালবিরোধী মানববন্ধন শেষে এই সমাবেশ থেকে হরতালে সমর্থনকারী অধিকাংশ দল প্রতিক্রিয়াশীল ও স্বাধীনতাবিরোধী অভিযোগ করে তাদের সঙ্গে হরতাল আহ্বানকারীদের ঐক্যে হয়েছে দাবি করেন সাবেক মন্ত্রী হাছান মাহমুদ।

“এই হরতালে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস; এছাড়া বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি এই হরতালে সমর্থন দিয়েছে। জঙ্গিগোষ্ঠী, স্বাধীনতাবিরোধী, প্রতিক্রিয়াশীল তারা সবাই এই হরতালে সমর্থন দিয়েছে।

“এই জঙ্গিগোষ্ঠী, স্বাধীনতাবিরোধী, প্রতিক্রিয়াশীলদের সঙ্গে হরতাল আহ্বানকারীরা ঐক্য করেছে। বাংলাদেশের জনগণ যেভাবে জঙ্গিগোষ্ঠী, স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করেছে, আজকের হরতাল আহ্বানকারীদেরও সেইভাবে প্রত্যাখ্যান করেছে।”

হরতাল আহ্বানকারী বামধারার রাজনৈতিক দলগুলো বেশিদামে সিলিন্ডার ব্যবহারকারী পরিবারগুলোর পাশে না দাঁড়িয়ে সুবিধাভোগীদের পাশে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেন এই আওয়ামী লীগ নেতা।

“আপনারা সাম্যভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলেন, কিন্তু যারা মাসে তিন হাজার টাকার গ্যাস ব্যবহার করেন, তাদের পাশে না দাঁড়িয়ে যারা উপকারভোগী, সুবিধাভোগী তাদের পাশে দাঁড়িয়েছেন।”

দাম বাড়ানোর পরও প্রতিবেশী দেশগুলোর তুলনায় এখনও গ্যাসের দাম বাংলাদেশে কম বলে দাবি করে হাছান বলেন, “পাশ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানের চেয়ে দেশের গ্যাসের দাম কম।

“আপনারা যাচাই করেন; চ্যালেঞ্জ করছি, বাংলাদেশে গ্যাসের দাম মূল্য বৃদ্ধির পরও পাশ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে গ্যাসের দাম কম আছে।”

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদ আহ্বান করা এই হরতালকে ‘অহেতুক ইস্যু সৃষ্টি করে জঙ্গিগোষ্ঠী, প্রতিক্রিয়াশীল ও স্বাধীনতাবিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া’ আখ্যায়িত করে তা না করার জন্য হরতালকারীদের আহ্বান জানান হাছান।

সমাবেশে অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, সংগঠনের সাধরাণ সম্পাদক ফজুলল হক বক্তব্য দেন।