২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জাসদের

স্বাধীনতাবিরোধী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 01:46 AM

Updated : 19 Aug 2022, 03:45 PM

শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন জাসদের কার্যকরী কমিটির দ্বিতীয় সভা থেকে এ দাবি জানানো হয়।

শনিবারের ওই সভার বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজনীতির ময়দানে স্বাধীনতাবিরোধী ধর্মভিত্তিক রাজনীতিকে উচ্ছেদ না করে তাকে জিইয়ে রাখার অপতৎপরতা দেখা যাচ্ছে। এ সভা মনে করে রাজনৈতিক হীনস্বার্থে ব্যবহার করার লক্ষ্য থেকে সাম্প্রদায়িক রাজনীতি শিক্ষা-সংস্কৃতিতে প্রশ্রয় দিলে তা পরিণামে গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতিকেই নির্বাসনে পাঠাবে।

“তাই অবিলম্বে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, ধর্মের রাজনৈতিক ব্যবহার নিষিদ্ধ ও পাঠ্যপুস্তকসহ সর্বক্ষেত্র হতে সাম্প্রদায়িকতার উপাদান মুছে ফেলতে হবে।”

সভা থেকে এ ছাড়া আরও আটটি রাজনৈতিক প্রস্তাব গ্রহণের কথা জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সুন্দরবনের কাছে রামপালে বিদ‌্যুৎকেন্দ্র নির্মাণ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, “জ্বালানি ও বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প না করা বাস্তবসম্মত নয়। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে পরিবেশ দূষণ বন্ধ করার জন্য উপযুক্ত কৌশল নিশ্চিত করতে হবে, যা ক্রয়যোগ্য বিদ্যুত উৎপাদন করবে, - নতুবা এ প্রকল্প পরিত্যাগ করা উচিৎ।”

দলটির প্রস্তাবের মধ‌্যে আরও রয়েছে- সাম্প্রদায়িক জঙ্গিদের অপতৎপরতার মুখে ১৪ দলীয় জোটকে শক্তিশালি করার পাশাপাশি পরবর্তী জাতীয় নির্বাচনে অংশগ্রহনের জন্য জাসদকে প্রস্তুতি গ্রহণ, মহাজোটের উন্নয়নকে টেকসই করতে দেশের প্রশাসনিক-রাজনৈতিক-অর্থনৈতিক সংস্কার এবং বিভিন্ন খতে ব্যাপক লুটপাট-দুর্নীতিকে প্রতিরোধ করা।

তোপখানা রোডের শিশুকল‌্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান আলোচ্যসূচি উপস্থাপনা করেন ও সভা পরিচালনা করেন। শোক প্রস্তাব পাঠ করেন দপ্তর সম্পাদক ইউনুসুর রহমান।

এ সময় অন‌্যদের মধ্যে জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল এমপি, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন ও মোহাম্মদ খালেদ; যুগ্ম সাধারণ সম্পাদক করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, আবুল কালাম আজাদ বাদল ও মোহাম্মদ মোহসীনসহ সর্বমোট ৮০ জন সভায় উপস্থিত ছিলেন।