২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: মুক্তিযোদ্ধা দল

যাচাই-বাছাইয়ে নামে ‘ভুয়াদের’ মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 01:16 AM

Updated : 19 Aug 2022, 03:45 PM

বি্এনপির সহযোগী সংগঠনটির সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান রোববার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

বিএনপি আমলে বিপুল সংখ‌্যক ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করার কারণ দেখিয়ে যাচাই-বাছাই করে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির উদ‌্যোগ নিয়েছে আওয়ামী লীগ সরকার।

সাদেক বলেন, “সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের নামে নোংরা খেলায় মেতে উঠেছে। বয়সের কারণে গত ৪৭ বছরে অর্ধেকের বেশি মুক্তিযোদ্ধা চলে গেছেন আমাদেরকে ছেড়ে। সংখ্যাটা কমার কথা। এখন ভাতা পায় ২ লাখ ৩২ হাজার।

“আবার নতুন করে যাচাই-বাছাই করছে। সরকারই বলছে, দেড় লাখের উপরে অনলাইনে আবেদনপত্র জমা পড়েছে। তার মানে আমরা আশঙ্কা করছি, আরো অনেক ভুয়া সুবিধাভোগী মানুষ এই মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হবে।”

“আমরা স্পষ্টভাবে বলতে চাই, রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকৃত মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়া হলে তার দায় বর্তমান সরকারকেই নিতে হবে,” বলেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে সাদেক বলেন, “মহান মুক্তিযুদ্ধের অন্যতম সিপাহসালার আধুনিক স্বনির্ভর বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান বীরউত্তমের স্বাধীনতা পদক ফিরিয়ে দিন এবং শেরে বাংলা নগর থেকে তার মাজার অপসারণের ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসুন।”

পুরানা পল্টনে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন‌্যান্ট কর্নেল জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াত আজিজ উলফাত, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান খান বীর প্রতীক, এস এম মোস্তফা কামাল, মোস্তফা শাহাবুদ্দিন রেজা, এইচ আর সিদ্দিকী সাজু, এমএ শহীদ বাবুল, কুতুবউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।