নাশকতার মামলায় বুলুসহ ২০ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের (মহানগর দায়রা জজ) বিচারক কামরুল হোসেন মোল্লা বুধবার মামলার অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
আগামী ৪ এপ্রিল পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য বিচারক দিন ধার্য করেছেন বলে সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল জানান।
মামলার অন্য আসামিদের মধ্যে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল ইসলাম নিরব, ইসহাক সরকার রয়েছেন। এই মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ পাঁচজন জামিনে আছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ রোডে মোহাম্মদিয়া হোমস লিমিটেডের সামনে আসামিরা মানুষ হত্যার উদ্দেশ্যে চলমান যানবাহনে ককটেল নিক্ষেপ করেন। এতে অনেকে আহত হন।
ওই ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই মাহফুজুর রহমান বাদী হয়ে ওই দিনেই সংশ্লিষ্ট থানায় মামলা করেন।
একই থানার এসআই মো. ফজল মিয়া মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।
