‘ব্যক্তিগত পছন্দের’ ইসি নিয়ে মন্তব্যে নারাজ সিপিবি
‘ব্যক্তিগত পছন্দে’ গঠিত নতুন নির্বাচন কমিশন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয় সিপিবি।
সিপিবি কোনো মন্তব্য না করলেও তাদের আন্দোলনের জোটসঙ্গী বাসদ নবগঠিত ইসি নিয়ে হতাশা প্রকাশ করেছে।
সার্চ কমিটির প্রস্তাবের ১০ নাম থেকে সিইসি এবং চারজন নির্বাচন কমিশনার নিয়ে সোমবার নতুন ইসি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি রাজনৈতিক দলগুলো থেকে নামের প্রস্তাব চাইলেও সিপিবি তা দেয়নি। তাদের যুক্তি ছিল, এভাবে নাম প্রস্তাব করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিতর্কিত হয়ে পড়বে।
সিপিবি সংবিধানের আলোকে আইন প্রণয়ন করে তার ভিত্তিতে ইসি নিয়োগের দাবি জানিয়ে আসছিল।
নতুন ইসি গঠনের প্রতিক্রিয়ায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন। নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটি আইনি কাঠামোর নিয়ন্ত্রণের বাইরে সম্পাদিত হওয়ায় তা ষোল আনাই নির্ভরশীল ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী গঠিত সার্চ কমিটির ৬ জন সদস্যের ব্যক্তিগত বিবেচনা ও তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উপর।
“ব্যক্তিগত বিবেচনা ও পছন্দ-অপছন্দের ভিত্তিতে কোনো সংস্থা গঠিত হলে তার কাজকর্ম সম্পর্কে আগাম মূল্যায়ন করা দুষ্কর। তাই নির্বাচন কমিশন সম্পর্কে সিপিবি আগাম মূল্যায়নমূলক মন্তব্য করতে পারছে না। নির্বাচন কমিশন ভবিষ্যতে কেমনভাবে তার দায়িত্ব পালন করে তা দেখেই সিপিবি তার মূল্যায়ন জানাবে।”
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতীতে নির্বাচন কমিশন গঠন করায় তারা গণআস্থা অর্জন করতে পারেনি। এবার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচন কমিশন এমনভাবে গঠিত হবে যাতে গণআস্থা পূরণ হবে। কিন্তু এবারের নির্বাচন কমিশন গঠনে তারা গণআস্থা পূরণে ব্যর্থ হয়েছে।”
