২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি নিয়োগে সার্চ কমিটির তালিকা প্রকাশের দাবি বিএনপির

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি ১০ জনের যে তালিকা প্রস্তাব করবেন, তা প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 02:11 PM

Updated : 11 Oct 2022, 01:26 PM

রাজধানীতে সোমবার এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সার্চ কমিটির কাছে এ আহ্বান জানান।

তিনি বলেন, “আমি বিএনপির পক্ষ থেকে অনুসন্ধান কমিটির নিকট আহ্বান জানাচ্ছি যে, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে তারা সৎ, দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নামের তালিকা করে জাতির সামনে প্রকাশ করুন।

“বিশিষ্ট নাগরিকরাও বৈঠকে একই দাবি করেছেন বলে আমরা সংবাদপত্রসহ সব দিক থেকে জানতে পেরেছি।”

নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হলে দেশের বর্তমান ‘রাজনৈতিক সংকট’ দূর হতে পারে বলে আশা প্রকাশ করেন রিজভী বলেন, “আমরা মনে করি, জনগণের ইচ্ছাকে পদদলিত করে অনুসন্ধান কমিটি এমন কোনো কাজ করবেন না যাতে দেশবাসী তাদের প্রতি আস্থাহীন হয়।

“তাদের প্রস্তাবিত নাম প্রকাশ হলে বুঝা যাবে, অনুসন্ধান কমিটি ক্ষমতাসীনদের নির্দেশে কাজ করছে নাকি নিরপেক্ষভাবে কাজ করছে।”

নতুন ইসি নিয়োগে রাষ্ট্রপতিকে সহায়তায় দায়িত্ব পাওয়া সার্চ কমিটির ছয় সদস্য সোমবার সন্ধ্যায় ৬টায় বঙ্গভবনে যাচ্ছেন, ওই বৈঠকেই তারা ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবেন।

৮ ফেব্রুয়ারি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ও তিন নির্বাচন কমিশনারের ৫ বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে, আরেক নির্বাচন কমিশনারের মেয়াদ পূর্ণ হবে ১৪ ফেব্রুয়ারি।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘আওয়ামী লীগের দলীয় মনোভাবাপন্ন’ লোকদের দিয়ে অনুসন্ধান কমিটি গঠন করায় নতুন নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন রিজভী।

“এছাড়া ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন যে, ইসি গঠনে অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে যে তালিকা জমা দেবে, তা জাতির সামনে প্রকাশের প্রয়োজন নেই।”

সার্চ কমিটি ‘বিবেক দিয়ে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে’ কাজ করবে বলে আশা প্রকাশ করে বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব।

“আমরা অনুসন্ধান কমিটির কাছে আপিল রাখতে চাই- সবার কাছে গ্রহণযোগ্য যেসব মানুষ যাদেরকে নির্বাচন কমিশনে দিলে পরে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা থাকবে, এ ধরণের ব্যক্তিদের নাম তারা সুপারিশ করবেন।”

রোববার সন্ত্রাসীদের গুলিতে খুলনার বাটিয়াঘাটার আমিরপুর ইউনিয়ন যুব দল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হত্যার ঘটনায় নিন্দা ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান রিজভী।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার ও হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।