২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় ওয়ার্কপাসের সুবিধা পাবে সাড়ে ৩ লাখ বাংলাদেশি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকার অবৈধ বিদেশি কর্মীদের সাময়িক ওয়ার্কপাস দিচ্ছে, যার সুবিধা পাবেন সাড়ে তিন লাখ প্রবাসী বাংলাদেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 08:32 PM

Updated : 19 Aug 2022, 03:38 PM

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাংসদ কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, গত ১৫ জানুয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে টেলিফোনে কথা হয় তার।

“ওই আলাপের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার সরকার আনডকুমেন্টেড বিদেশি কর্মীদের জন্য সাময়িক ওয়ার্কপাস ইস্যুর ঘোষণা দিয়েছে। ফলে, মালয়েশিয়ায় অবস্থানরত আনুমানিক সাড়ে তিন লাখ আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মী সেদেশেই কাজের সুযোগ পাবে। না হলে তাদের দেশে ফিরে আসতে হত।”

জানুয়ারিতেই রোহিঙ্গা সংকট নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে ওআইসির এক জরুরি সভায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেখান থেকে ফিরে তিনি জানান, ২০১৭ সালেই কয়েক লাখ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারবে বলে আশা করছেন।

চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে শ্রমিক নিতে এরইমধ্যে চাহিদাপত্র পাঠানো শুরু করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।

গত বছরের ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে জিটুজি প্লাস চুক্তিতে সই করে বাংলাদেশ। ঢাকায় ওই চুক্তি হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই মালয়েশিয়া এই মুহূর্তে আর কোনো কর্মী না নেওয়ার ঘোষণা দেয়। ফলে সে সময় দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া ঝুলে যায়।

এরপর গত সেপ্টেম্বরে মালয়েশিয়া ওই নিষেধাজ্ঞা তোলার পর বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “এ পর্যন্ত সারাদেশে অনুষ্ঠিত সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সরকার সর্বাত্মক কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

“নির্বাচন কমিশনের চাহিদা অনুাযায়ী সরকার আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগসহ সব ধরনের সহযোগিতা প্রদান করেছে।“

প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, গাইবান্ধায় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে  জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার আলামত ব্যালেস্টিক ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

“এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করছে।” 

সব ধরনের নাশকতা ও সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিত কার্যক্রম চালাচ্ছে বলে আরেক প্রশ্নের জবাবে জানান প্রধানমন্ত্রী।