আ. লীগের উপদেষ্টা পরিষদে সেই মুকুল বোস
সংস্কারপন্থি হিসাবে পরিচিতি পাওয়া আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোসকে দীর্ঘদিন পদবিহীন রাখার পর উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।
মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের ২০তম জাতীয় সম্মেলনে দেওয়া ক্ষমতায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন।
আওয়ামী লীগের ১৭তম জাতীয় সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম এবং ওবায়দুল কাদেরের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মুকুল বোস।
এরপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যখন দুই নেত্রীকে বাদ দেওয়ার কথিত ‘মাইনাস টু’ তত্ত্ব নিয়ে আলোচনা চলছে, বিএনপি ও আওয়ামী লীগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার মত মুকুল বোসও সংস্কারপন্থি হিসাবে পরিচয় পান।
শেখ হাসিনার অবস্থানের বিপক্ষে যাওয়ায় সে সময় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নেতা-কর্মীদের তোপের মুখেও পড়তে হয়েছিল মুকুল বোসকে । দলীয় সভানেত্রীর আস্থাভাজন জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে সে দফা রক্ষা পান তখনকার এই যুগ্ম সাধারণ সম্পাদক।
২০০৮ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ সালে দলের ১৮তম জাতীয় সম্মেলনে পদ হারান মুকুল বোস।
সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমদ এবং সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান মান্না ও আব্দুল মান্নানকেও একই কারণে পদ হারাতে হয় ওই সম্মেলনে।
মুকুল বোসের সঙ্গে একই সময়ে যুগ্ম সাধারণ সম্পাদক হওয়া সৈয়দ আশরাফ দুই মেয়াদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এখন দলের সভাপতিমণ্ডলীর সদস্য। আর ওবায়দুল কাদের বর্তমান সাধারণ সম্পাদক।
