২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীতে প্রতিটি নির্বাচন সুষ্ঠু হবে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে আর কেউ ‘ছিনিমিনি’ খেলতে পারবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 10:07 PM

Updated : 19 Aug 2022, 03:37 PM

সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভার শুরুতে এ কথা বলেন তিনি।

নতুন নির্বাচন কমিশন নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করার সিদ্ধান্ত নিতে এই বৈঠক ডেকেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

পরবর্তী নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি; যাদের পরিচালনায় আগামী সংসদ নির্বাচন হবে।

শেখ হাসিনা বলেন, “আমাদের লক্ষ্য নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়… নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন হয়েছে অত্যন্ত সুষ্ঠুভাবে। জনগণ ভোট দিয়েছে, ফলাফল পেয়েছে।

“আশা করি, আগামী দিনে প্রতিটি নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ তাদের ইচ্ছেমতো ভোট দেবে; যাকে চাইবে তাকে ভোট দেবে।”

“আমরা চাই, জনগণ ভোট দেবে, তাদের প্রতিনিধি তারাই ঠিক করবে। এটা সম্পূর্ণ তাদের বিষয়,” বলেন তিনি।

আওয়ামী লীগ ভোটের অধিকার হরণ করেছে বলে বিএনপির অভিযোগের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভানেত্রীর এই বক্তব্য এল।

২০০১ সালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতাসীন হওয়ার পার রাজনৈতিক নিপীড়নের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামাত যখন ক্ষমতায় এসেছে, তখনই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে।”

বিএনপি-জামায়াত জোট এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শাসনামলের তুলনা করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “জনগণ বিবেচনা করবে, বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকার সময় কেমন ছিল। আর, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কেমন আছে।

“মানুষ শান্তি চায়, নাকি অশান্তি বেগমের অশান্তি চায়; এটা মানুষই সিদ্ধান্ত নেবে।”

“জনগণের কল্যাণ কতটুকু করতে পারলাম; জনগণ তা বিবেচনা করবে,” বলেন শেখ হাসিনা।