এতিমখানা দুর্নীতি: আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিগত জরুরি অবস্থার সময় দায়ের করা এ মামলার বিচার কাজ চলছে ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে জজ আদালতের বিশেষ এজলাসে।
ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার জানিয়েছিলেন, এ মামলার প্রধান আসামি খালেদা সোমবার আদালতে না এলে তার জামিন বাতিল করা হবে।
সে অনুযায়ী সাবেক এই প্রধানমন্ত্রী সকালে তার গুলশানের বাসা থেকে রওনা হয়ে বেলা ১১টার পরপরই আদালতে পৌঁছান বলে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান।
এর আগে গত ২৬ জানুয়ারি বিচারক এ মামলায় খালেদার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার ছয় আসামির মধ্যে সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যাবসায়ী শরফুদ্দিন আহমেদ সেদিন আত্মপক্ষ সমর্থন করে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়া সাবেক মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।
এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলায় রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে।
তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।
