২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের এখতিয়ার নেই: সুরঞ্জিত

প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের বিষয়ে জাতিসংঘের কিছু করার এখতিয়ার নেই।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 11:31 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

বাংলাদেশে ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মধ্যে জাতিসংঘের মাধ্যমে পশ্চিমা দেশগুলোও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে চেয়ে চিঠি দিয়েছিল বলে গণমাধ্যমে খবর আসার প্রেক্ষাপটে একথা বলেন তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যু সুরঞ্জিত রোববার সংসদে এক অনির্ধারিত আলোচনায় বলেন, “জাতিসংঘ তাদের মতামত দিতে চায়। একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের সাংবিধানিক বিষয়ে তাদের সংশ্লিষ্টতা নেই।

“সাংবিধানিক প্রক্রিয়ার ওপর কথা বলার এখতিয়ার তাদের নেই। তারা ডিপ্লোমেটিক চ্যানেলে কথা বলতে পারেন। তারা এই ব্যাপারে সাংবিধানিক পথ ছাড়া অন্য কোন ওয়েতে জাতিকে বিব্রত করা ঠিক হবে না।”

সুরঞ্জিত ইসি গঠনের রাষ্ট্রপতির গঠন করে দেওয়া সার্চ কমিটি সম্পর্কে বিএনপির প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন।

সার্চ কমিটির সদস্যদের উপর মানুষের গভীর শ্রদ্ধা রয়েছে দাবি করে তিনি বলেন, “এই অনুসন্ধান কমিটি প্রকাশ করার পর বিএনপি এ নিয়ে আবার প্রশ্ন তুলতে চাইছে। তারা যদি সংবিধানটা পড়তেন তাহলে দেখতেন রাষ্ট্রপতির এই কমিটি করার পরে এ নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নাই।”

রাষ্ট্রপতির পদটিকে প্রশ্নবিদ্ধ না করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে প্রবীণ এই রাজনীতিক বলেন, “যে যত বড় নেতাই হই না কেন এই সংবিধানে রাষ্ট্রপতির অবস্থান নিয়ে কথা বলতে পারব না।”