২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা: ফখরুলদের বিরুদ্ধে শুনানি পিছিয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার এক মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ এপ্রিল ধার্য করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 06:27 PM

Updated : 19 Aug 2022, 03:34 PM

আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে বুধবার ঢাকা মহানগর দুই নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রুহুল আমিন এদিন ঠিক করেন।

ফখরুলের আইনজীবী সানাউল্লাহ  মিয়া জানান, বুধবার মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির দিন ছিল।

কিন্তু বারডেম হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ভর্তি মায়ের দেখাশুনার জন্য মির্জা ফখরুল সেখানে থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। এজন্য শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ।

আইনজীবী মেসবাহ জানান, এর আগেও বেশ কয়েকবার শুনানি পিছিয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির ডাকা হরতাল চলাকালে মতিঝিল থানা এলাকায় পর পর দুইটি হাতবোমা  (ককটেল) বিস্ফোরণ হয়। ওই ঘটনায় মতিঝিল থানার এসআই মোকারম হোসেন মামলাটি দায়ের করেন।

মতিঝিল থানার এসআই এস এম আজিজুল হক ২০১৩ সালের ১৪ ডিসেম্বর মির্জা ফখরুল সহ ১২ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন।