অসুস্থ বিএনপি নেতা মুন্নুকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হারুনার রশীদ খান মুন্নুকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর পাঠানো হয় বলে জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নভেনা হাসপাতালে সাবেক মন্ত্রী মুন্নুকে ভর্তি করা হবে।
৮৫ বছর বয়সী মুন্নু দীর্ঘদিন ধরে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা ও নিউরো সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্বে থাকা হারুনার রশীদ খান মুন্নু ২০০১ সালে চার দলীয় জোট সরকারের মন্ত্রিসভার সদস্য হন। মুন্নু গ্রুপ অব ইন্ডাট্রিজের এই চেয়ারম্যান দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতিও।
হারুনার রশীদ খান মুন্নু আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের শ্বশুর।
তার আশু আরোগ্য কামনায় দেশবাসী ও দলের নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
