২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‌্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ‌্যানে জনসভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ‌্যানে জনসভা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 01:27 AM

Updated : 19 Aug 2022, 03:26 PM

মঙ্গলবার বিকালের এই জনসভা ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকালে জনসভাস্থল ঘুরে দেখেন তিনি।

এই জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও শেখ হাসিনা ‘নীতি-নির্ধারণী’ বক্তব‌্য দেবেন বলে জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের।  

“জাতীয় সম্মেলনের পরেই এটাই আমাদের কোনো জনসভা। তাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এখানে নীতি নির্ধারণীপূর্ণ বক্তব্য রাখবেন।”

সোহরাওয়ার্দী উদ‌্যানে কয়েক লাখ মানুষের সমাবেশ আশা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি জনদুর্ভোগ এড়াতে নেতা-কর্মীদের মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ‌্যানে যাওয়ার সময় সড়ক দখল না করতে ইতোমধ‌্যে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

জনসভা শেষ না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন মোড়ের দুপাশে এবং টিএসসির মোড় থেকে দোয়েল চত্বর মোড়ের দুপাশের রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এতে গাড়িগুলোকে বিকল্প পথে যেতে হবে।

মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব।

Image
১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্ত দেশে বঙ্গবন্ধু

১৯৭২ সালের ১০ জানুয়ারি মুক্ত দেশে বঙ্গবন্ধু

১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে পাকিস্তানি সেনারা আটক করে তৎকালীন পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ওই রাতেই বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর শুরু হয় বর্বর হামলা।

পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগমুহূর্তে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান বঙ্গবন্ধু। তার ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তি সংগ্রামে।

নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

মুক্তিযুদ্ধে বিজয়ের পর বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। মুক্তির পর তিনি লন্ডন যান। সেখান থেকে ১০ জানুয়ারি দিল্লি হয়ে পৌঁছান ঢাকায়।

লাখো জনতা সেদিন তাদের প্রিয় নেতাকে তেজগাঁও বিমানবন্দর থেকে খোলা ট্রাকে করে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ‌্যান) নিয়ে যায়।  বঙ্গবন্ধু সেখানে সদ্য স্বাধীন জাতির উদ্দেশে ভাষণ দেন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

Image
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন (ফাইল ছবি)

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন (ফাইল ছবি)

সকাল ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হবে।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “যতদিন বাংলাদেশ ও বাঙালি থাকবে ততদিন বঙ্গবন্ধু সবার অনুপ্রেরণা হয়ে থাকবেন। বাংলা, বাঙালি ও বাংলাদেশের প্রতি বঙ্গবন্ধুর ছিল নিখাদ ও গভীর ভালোবাসা।”

রাষ্ট্রপতি বলেন, “দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেই- এটাই হোক এবারের বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সকলের অঙ্গীকার।”

বঙ্গবন্ধুকন‌্যা শেখ হাসিনা তার বাণীতে বলেন, জাতির জনকের স্বাধীন দেশে ফেরার দিনটিতে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করেছিল।

পুরনো খবর:

ঢাকায় যেসব সড়ক বন্ধ থাকবে মঙ্গলবার