২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনএকে সংলাপে না ডাকায় ক্ষোভ নাজমুল হুদার

নির্বাচন কমিশন গঠন বিষয়ে সংলাপে না ডাকায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক জোট বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) প্রধান নাজমুল হুদা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 07:37 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি রাজনৈতিক জোটের সঙ্গে মাসব্যাপী সংলাপ চলার মধ্যে সোমবার এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে নাজমুল হুদা বলেন, “আমাদের মাঝের অনেক দলই নিবন্ধনের প্রক্রিয়ায় আছে; আগামী নির্বাচনের আগেই নিবন্ধন পাবে। সুতরাং তাদের বাদ দিয়ে এই আলোচনা আসলেই খণ্ডিত আলোচনা।”

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়েন নাজমুল হুদা।

সর্বশেষ ২০১৫ সালের শেষ দিকে এসে ‘তৃণমূল বিএনপি’ নামে একটি দল গঠন করেন বিএনপি আমলের সাবেক এই মন্ত্রী।

এর মধ্যে ২০১৫ সালের শুরুর দিকে ৩১টি দল নিয়ে তিনি বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা দেন, যার অধিকাংশই নাম সর্বস্ব বলে অভিযোগ অনেকের।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হলে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনাররা দায়িত্ব নেবেন।

পরবর্তী সিইসি ও ইসি নিয়োগের পাশাপাশি নির্বাচন কমিশন গঠন বিষয়ে ইতোমধ্যে বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

ক্ষমতাসীন আওয়ামী লীগসহ আরও কয়েকটি রাজনৈতিক দলকে রাষ্ট্রপতির কার্যালয় থেকে সংলাপে আমন্ত্রণ জানানো হলেও ডাক পায়নি নাজমুল হুদা নেতৃত্বধীণ জোট বাংলাদেশ জাতীয় জোট বা বিএনএ।

তবে এখন পর্যন্ত রাষ্ট্রপতির সংলাপে ডাক না পেলেও আশা ছাড়তে নারাজ বিএনএ প্রধান নাজমুল হুদা।

বিবৃতিতে তিনি বলেন, “আমরা আশাবাদী দেশের নাগরিকের মৌলিক অধিকারের বাস্তবায়নে দেশের বৃহত্তম ৩১ দলীয় রাজনৈতিক জোট বিএনএ এর নেতৃবৃন্দকে উক্ত আলোচনায় শামিল করা হবে।"