২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিল করুন, সড়ক দখল করবেন না: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত‌্যাবর্তন উপলক্ষে আগামী ১০ জানুয়ারি সমাবেশে যাওয়ার মিছিল নিয়ে রাস্তা দখল না করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি একইসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 08:08 PM

Updated : 19 Aug 2022, 03:24 PM

ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের গত কয়েকটি কর্মসূচিতে সড়কে যানজটে জনদুর্ভোগের প্রেক্ষাপটে আগামী কর্মসূচি নিয়ে রোববার তেজগাঁওয়ে আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় এই নির্দেশ দেন তিনি।  

ওবায়দুল কাদের বলেন, “জনগণের সাথে খারাপ ব‌্যবহার করবেন না। এখন যাদের শাস্তি দিচ্ছেন তখন (নির্বাচনে) তারা আমাদের ভালো প্রার্থীকেও ভোটের মাধ‌্যমে শাস্তি দিয়ে দিবে। প্লিজ পুরো রাস্তা দখল করবেন না।”

“মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে হবে। এই দিন দিন নয় আরও দিন আছে,” নেতা-কর্মীদের মনে করিয়ে দেন তিনি।

Image
গত ৪ জানুয়ারি ছাত্রলীগের শোভাযাত্রায় এরকম যানজট সৃষ্টি হয়েছিল ঢাকায়

গত ৪ জানুয়ারি ছাত্রলীগের শোভাযাত্রায় এরকম যানজট সৃষ্টি হয়েছিল ঢাকায়

মোটর সাইকেলে চলার সময় হেলমেট ব‌্যবহারের কথা সবাইকে পুনর্বার বলেন সড়ক পরিবহনমন্ত্রী কাদের।

“আর কত বলব, হেলমেট ছাড়া মোটর সাইকেলে চলবেন না। এতে আপনাদেরই লাভ। আপনি মোটর সাইকেল এক্সিডেন্ট করলে আপনাদের পরিবারের জীবনযাপনে সমস‌্যা হয়। প্লিজ আত্মরক্ষার্থে হেলমেট ব‌্যবহার করুন।”

১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। ওই সমাবেশ সফলে প্রস্তুতিমূলক নানা সভা করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

তেজগাঁওয়ের কলোনি বাজারে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় বক্তব‌্য রাখেন কাদের।

আগামী নির্বাচনের জন‌্য সব নেতা-কর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপিকে দুর্বল না ভাবার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপিকে ছোট দল মনে করে তুচ্ছ করবেন না। আন্দোলনে তারা দুর্বল হলেও সমর্থনে তাদের অত দুর্বল ভাববেন না।

“নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রায় ৮০ হাজার ভোট পেয়েছে। সেটা যেন আমরা না ভুলি।”

দলে শৃঙ্খলা রক্ষার উপর জোর দিয়ে ওবায়দুল কাদের বলেন, “নেতা-কর্মীদের আগে সচেতন হতে হবে। আমরা এলোমেলো দল নিয়ে সামনের নির্বাচনে যেতে চাই না।”

স্থানীয় সংসদ সদস‌্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে সভায় ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খানও বক্তব‌্য রাখেন।

পুরনো খবর:

ছাত্রলীগের শোভাযাত্রা, যানজটে স্থবির ঢাকা