কারামুক্ত মান্নান-আরিফুলকে দেখতে হাসপাতালে ফখরুল
উচ্চ আদালতের জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়া দলের দুই নেতা এম এ মান্নান ও আরিফুল হক চৌধুরীকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে দেখে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। দুজনের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।
এ সময়ে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ এবং চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান তার সঙ্গে ছিলেন।
গাজীপুর সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে মেয়র হয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মান্নান, নাশকতার বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ার পর তাকে ওই পদ থেকে অপসারণ করা হয়।
মান্নান ২২ মামলায় ১৩ মাস কারাগারে থাকার পর গতবছর মার্চে মুক্তি পেলেও পরের মাসে বাসে আগুন দেওয়ার এক মামলায় আবার গ্রেপ্তার হন। এরপর থেকে কারাগারে ছিলেন তিনি।
আর চারটি মামলায় জামিন নিয়ে প্রায় দুই বছর পর গত বুধবার কারাগার থেকে ছাড়া পান আরিফুল হক চৌধুরী।
কারামুক্ত হওয়ার পর দুজনকেই ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
