২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের ঘটনায় আ. লীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: কাদের

নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তির দিনে বরিশালে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় আওয়ামী লীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 10:01 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

শুক্রবার রাতে রাজধানীর বনানীতে এক সভায় তিনি বলেন, “বরিশালে একটা ঘটনা ঘটলো, এর জন্য কে দায়ী আমি বলতে পারছি না। তবে পুলিশের ডিআইজি, ডিসি, সাংবাদিকসহ অনেকের সাথে কথা বলেছি।

“আমাদের পার্টির ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিমকেও বলেছি খবর নিতে। এ ধরনের ঘটনা আমাদের দলের কেউ ঘটিয়ে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ধরনের ঘটনায় দলের কেউ জড়িত পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পার্টিকে ‘সুশৃঙ্খল আধুনিক পার্টিতে রুপান্তর করতে হবে’ বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তির দিনে বৃহস্পতিবার বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের প্রস্তুতির সময় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। 

বিএনপির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। অন্যদিকে ক্ষমতাসীনরা এ অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে বিএনপির নাটক বলেছে।

বুধবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে জনগণের দুর্ভোগ পোহানোর কথা স্বীকার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এ যাবৎ কালের সবচেয়ে বড় র‌্যালি করেছে ছাত্রলীগ। তবে এটাও সত্য মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।

“এমনও হয়েছে সবুজবাগের ছাত্রলীগ নেতারা বাস থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে করে র‌্যালিতে এসেছে। আমি শুনার সঙ্গে সঙ্গে এদের ছাত্রলীগ থেকে বহিষ্কারের ব্যবস্থা করেছি।”

এইসব কারণে রাজনৈতিক র‌্যালির বিকল্প কিছু ভাবা উচিত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “ক্ষমতার দাপটে রাস্তা দখল করবেন না। রাজনৈতিক র‌্যালির ক্ষেত্রে আমাদের বিকল্প কিছু ভাবা উচিত।”

আলোকিত মহানগর উত্তর গড়তে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত মেয়র কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাদের নিয়ে মতবিনিময় সভা করে ডিএনসিসি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক সাদেক খান উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

৫ জানুয়ারি: বরিশালে সংঘর্ষে আ.লীগ-বিএনপি