আরব্য উপন্যাসের একচোখা দৈত্য এই সরকার: বিএনপি
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির শনিবারের সমাবেশের অনুমতি নিয়ে টালবাহানার অভিযোগ তুলে সরকারকে ‘আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের’ সঙ্গে তুলনা করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের জন্য আমরা এখনো পর্যন্ত পুলিশের অনুমতি পাইনি। সরকারি দল ঢাকঢোল পিটিয়ে সমাবেশ করলেও বিরোধী দলের বেলায় যত বিপত্তি। ১ জানুয়ারি আজকের মহাজোট সরকারের প্রধান দল জাতীয় পার্টিকেও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
“আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো এই সরকার। তারা (বর্তমান সরকার) এক চোখ দিয়ে দেখেন। নিজেদেরটা দেখেন একভাবে, অন্যেরটা আরেকভাবে- এটাই সরকারের বৈশিষ্ট।”
নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি ও তার শরিকরা। ওই নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির এই দিনকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ এবং আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে আসছে।
এ উপলক্ষে এ বছর ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ৫ জানুয়ারি ঢাকা ছাড়া সারা দেশে মহানগর ও জেলায় কালো পতাকা মিছিলও করেছে দলটি।
সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করতে বিএনপি সব প্রস্তুতি নিয়েছে।
“আমরা আশা করব যে, নিজেদের আর বেশি অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হতে দেওয়ার আপনারা নিজেরাই যে সুযোগ সৃষ্টি করছেন, সেই সুযোগ সৃষ্টি করতে দিয়েন না। কিছুটা ন্যুনতম হলোও গণতান্ত্রিক বোধ জাগ্রত করুন।”
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “বিএনপির সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের মনোনীত বাছাইকৃত যে আইন প্রয়োগকারী সংস্থা তাদের বলে দিন, তারা যেন অনুমতি দেয়।”
বিএনপি কেন অনুমতি পাবে না?
সকালে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদও সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি নিয়ে সরকারের গড়িমসির সমালোচনা করেন।
তিনি বলেন, “আওয়ামী লীগকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে দিচ্ছেন। কথিত বিরোধী দল জাতীয় পার্টি সমাবেশ করতে দিচ্ছেন। তাহলে বিএনপিকে কেন অনুমতি দেওয়া হবে না। এটাকে কী গণতন্ত্র বলে?”
সাবেক আইনমন্ত্রী বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে জনগণ ভোটে অংশ নেয়নি, ভোট দেয়নি। এই নির্বাচন ইতিহাসের কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় গণতান্ত্রিক মঞ্চের উদ্যোগে ‘৫ জানুয়ারি নির্বাচন ইতিহাসের কলঙ্ক’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সাবেক ছাত্র নেতা ইসমাইল তালুকদার খোকনের সভাপতিত্বে সভায় এলডিপির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, খালেদা ইয়াসমীন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও নিপুণ রায় চৌধুরী বক্তব্য দেন।
