২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে ৫ জানুয়ারির বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জাসদের

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে ‘ভুল করা’ বিএনপির ৫ জানুয়ারি নিয়ে বর্তমান অবস্থান দলটির ‘বাস্তবতা মেনে না নেওয়া’ মানসিকতার প্রকাশ বলে অভিহিত করেছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটভুক্ত জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের একাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 11:33 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনের তিন বছর পূর্তির দিন বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটিকে ৫ জানুয়ারির বাস্তবতা মেনে নেওয়ারও আহ্বান জানান জাসদ একাংশের দুই শীর্ষ নেতা শরীফ নূরুল আম্বিয়া এবং নাজমুল হক প্রধান।

বিবৃতিতে তারা বলছেন, বিএনপি আজ পর্যন্ত বাস্তবতা মেনে নেয় নি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভুল সিদ্ধান্তকে স্বীকার না করে লাগাতার ভাবে ৫ জানুয়ারির নির্বাচনকে অবৈধ বলে আখ্যায়িত করছে।

দলটির এ অবস্থান ‘গণতান্ত্রিক রীতি-নীতির বিরুদ্ধাচরণ ছাড়া আর কিছুই নয়’ বলে মনে করেন এই দুই নেতা।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করা বিএনপি পরের বছর থেকে দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন শুরু করে।

এবার এই দিবসে ঢাকা বাদে সারা দেশে কালো পতাকা মিছিলের কর্মসূচি করেছে বিএনপি।

এর আগে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকেই সেই ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করা বিএনপি জোট তাতে অনড় থেকে ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে।

তবে আন্দোলনে ২০১৩ সালের মাঝামাঝি থেকে বছরের শেষ পর্যন্ত বিএনপি জামায়াত জোটের ডাকা হরতাল-অবরোধের সময় পেট্রোলবোমা এবং সহিংস রাজনৈতিক ঘটনায় সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

এই পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হয় ৫ জানুয়ারির নির্বাচনে অর্ধেকের বেশি সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সরকার গঠন করে আওয়ামী লীগ আর বিএনপিবিহীন সংসদে বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।

সেই সময়ের প্রসঙ্গ টেনে বিবৃতিতে আম্বিয়া ও প্রধান বলছেন, বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও অন্যান্য বেশ কয়েকটি দল নির্বাচনে অংশ না নেওয়ায় জাতীয় সংসদ নির্বাচন এক অস্বাভাবিক পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্যরা নির্বাচিত হন। বাকি আসনগুলোর অধিকাংশ ক্ষেত্রে ব্যাপক সহিংসতা, ভোট কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই প্রভৃতি ঘটনা ঘটে।

জাসদের এই দুই নেতার মতে, প্রথম দিকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও এটা সুস্পষ্ট হয়ে ওঠে যে, ওই সময় জাতীয় নির্বাচন না হলে গণতন্ত্রের ধারাবাহিকতা বিপন্ন হত, যা দেশের স্থিতিশীলতাকে সঙ্কটজনক অবস্থায় নিক্ষেপ করত।

পরিস্থিতি বিবেচনা করে বছর শেষ না হতেই দেশি-বিদেশি সব মহল জাতীয় সংসদ নির্বাচনকে মেনে নেয় এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সরকারের ভূমিকাকে স্বাগত জানায় বলছেন তারা।

তাই ৫ জানুয়ারির ‘বাস্তবতা মেনে নিয়ে’ ২০১৯ সালের নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার আহ্বান জানান সরকারের শরিক দলটির দুই নেতা আম্বিয়া ও প্রধান।

তাদের উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, “৫ জানুয়ারির নির্বাচন বাংলাদেশকে ফখরুদ্দীন-মইনুদ্দীনের মত আরেকটি অনিয়মতান্ত্রিক শাসনের বিপদ থেকে রক্ষা করেছে। আমরা বিএনপি নেতৃত্বের প্রতি বাস্তবতা মেনে নিয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আগামী নির্বাচনে অংশ গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আগমী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”