গুলশানের দোকানীদের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রীকে এরশাদ
গুলশানের ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তার বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
অগ্নিকাণ্ডের দুই দিন পর বৃহস্পতিবার ওই মার্কেট পরিদর্শনে গিয়ে এরশাদ বলেন, তিনি নিজে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আছেন।
“আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি এখানে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, আপনি এদেশের জনগণের মা। এই ব্যবসায়ীরা সব হারিয়ে আজ সর্বস্বান্ত। আপনার অনেক সন্তানের মত তারাও আপনার সন্তান। তাদের পাশে দাঁড়ান।”
ব্যবসায়ীদের উদ্দেশে এরশাদ বলেন, “তোমাদের মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। যে ক্ষতি হয়েছে তা পূরণ করা কঠিন...। কিন্তু তোমরা ভেঙে পড়ো না; ধৈর্য ধর। সবকিছু আবার গড়ে তোল, আমরা তোমাদের পাশে আছি।”
পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি ঢাকা উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতার, দলের কেন্দ্রীয় কমিটির নেতা জাহিদ হোসেন বিপ্লব এ সময় এরশাদের সঙ্গে ছিলেন।
