মার্কেটে অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চায় বিএনপি
ঢাকার গুলশানের ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “আজকে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা দোকান পরিচালনা করছেন, তাদের মধ্যে যে সন্দেহের সৃষ্টি হয়েছে যে, এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড। এটার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন, কারণ উদঘাটন করা দরকার। যদি তা-ই হয়ে থাকে, এটার জন্য দায়ী কারা, সেটাও বের করা উচিৎ এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।”
“সেজন্য আমি মনে করি, এই ঘটনার নিরপেক্ষ সুষ্ঠূ তদন্তের মধ্য দিয়ে সঠিক সত্যটি উদঘাটন করা প্রয়োজন। সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিশেষজ্ঞদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণবাসন করার দাবিও জানান বিএনপি মহাসচিব।
সোমবার গভীর রাতে গুলশানে ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুনে দেড় শতাধিক দোকান পুড়ে যায়। দ্বিতল মার্কেট ভবনের পূর্ব দিকের একটি অংশ ধসে গেছে।
গুলশান-১ নম্বরে সিটি করপোরেশনের প্রায় সাত বিঘা জমির ওপর নির্মিত এই বিপণি বিতানে কাঁচা ও পাকা মার্কেট মিলিয়ে দুই অংশে দোকান রয়েছে ছয়শর মত।
পুড়ে যাওয়া দোকান মালিকদের অনেকেই মনে করছেন আগুন লাগানো হয়েছে। অনেকে আবার অভিযোগ করেছেন সময়মত ফায়ার সার্ভিসের সব ইউনিট পৌঁছালে এত দোকান পুড়ত না।
ফখরুল বলেন, “আমরা গতকালই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, মহানগর নেতা আবদুল আলিম নকি, ফারুক হোসেন ভুঁইয়া, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসময় ফখরুলের সঙ্গে ছিলেন।
