ইসি সার্চ কমিটি: তরিকতের প্রস্তাবে কবি, সাংবাদিক
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশন ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যোগ্য ব্যক্তিদের’ নিয়ে নতুন ইসি গঠনের সার্চ কমিটি করার প্রস্তাব দিয়েছে, যাদের মধ্যে ‘দলনিরপেক্ষ’ সাংবাদিক বা কবিরাও থাকতে পারেন।
মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনায় তরিকতের পক্ষ থেকে এ প্রস্তাব তুলে ধরা হয়।
দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দলের মহাসচিব এমএ আউয়াল সার্চ কমিটি ও ইসি গঠন নিয়ে ১৯ দফা প্রস্তাব তুলে ধরেন।
আধা ঘণ্টার আলোচনা শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকেদের বলেন, “তরিকত ফেডারেশনের প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাদের মতামত ও প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান। এর মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।”
“তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেন।”
তরিকত ফেডারেশন বলেছে, অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বা বিভাগীয় প্রধান, দলনিরপেক্ষ পঞ্চাষোর্ধ্ব সাংবাদিক বা দলনিরপেক্ষ কবিকে দিয়ে সার্চ কমিটি গঠন করতে হবে। সার্চ কমিটিতে নারী প্রতিনিধিও রাখতে হবে।
দলটি সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবি জানিয়েছে এবং কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিতের ওপর জোর দিয়েছে বলে প্রেস সচিব জানান।
