২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্চ কমিটি-ইসিতে ব্যবসায়ীদের চায় বিজেপি

সার্চ কমিটি ও নির্বাচন কমিশনে ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 06:41 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে তারা এই প্রস্তাব দেয়। আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “বিজেপি সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনে পাঁচ দফা এবং নির্বাচন কমিশন শক্তিশালী করতে ৯ দফা প্রস্তাব পেশ করে।”

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিক বিজেপি আট সদস্যবিশিষ্ট ইসি নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে।

প্রেস সচিব বলেন, “প্রতিনিধি দল প্রতি বিভাগে একজন করে নির্বাচন কমিশনার নিয়োগের প্রস্তাব দেয়। এছাড়া সার্চ কমিটি ও নির্বাচন কমিশনে ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্ত করারও প্রস্তাব দেয়।”

এছাড়া নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত দলগুলোর কাছ থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা সংগ্রহ করে সেগুলোর নিরাপত্তা বিধানে সিসি ক্যামেরা স্থাপনসহ মনিটরিং জোরদারের প্রস্তাব করে বিজেপি।

প্রেস সচিব বলেন, “আলোচনায় রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক আস্থা ও বিশ্বাসের মাধ্যমে গণতন্ত্র এগিয়ে যায়। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত জরুরি।”

বিজেপি তাদের প্রস্তাবে সব নিবন্ধিত দল ও সুশীল সমাজের আলোচনার ভিত্তিতে সার্চ কমিটি নিয়োগের জন্য সর্বোচ্চ ১০ জনের তালিকা করার প্রস্তাব দেয়। সেখান থেকে পাঁচ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেয়।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে নির্বাচনে ব‌্যবসায়ীরাই বেশি
সিটি নির্বাচনে ‘ব্যবসায়ীদের দৌড়’