প্লট বরাদ্দে অনিয়ম: আব্বাসের ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে
ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির পল্ট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেছে।
আব্বাসের আইনজীবীর করা সময়ের আবেদন শুনে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আতাউর রহমান আগামী ১ ফেব্রুয়ারি নতুন দিন ঠিক করেন বলে আদালতের পেশকার তৈয়বুল ইসলামজানান।
মির্জা আব্বাস এসময় আদালতে হাজির ছিলেন।
আব্বাসের আইনজীবী সানাউল্লাহ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার মামলার সাক্ষ্যগ্রহণের প্রথম দিন ছিল।
“কিন্তু মামলার বিচারকাজ চলতে পারেনা বলে হাইকোর্টে রিট করা হয়েছে এবং মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ রয়েছে। যে কারণে সাক্ষ্যগ্রহণের জন্য সময় চাওয়া হয়।”
১ ফেব্রুয়ারি স্থগিতাদেশের সত্যায়িত কপি জমা দিতে বলেছে আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালে প্রতিমন্ত্রী থাকাকালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কমে প্লট বরাদ্দ দেন।
১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলা করে দুদক।
২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবির, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ক্যাশিয়ার মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান।
২০১৬ সালের ২০ অক্টোবর ঢাকা একই আদালতের বিচারক আমিনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এদিকে একই আদালত রোববার মির্জা আব্বাসের আরেকটি দুনীর্তি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ২ ফেব্রুয়ারি ঠিক করা হয়।
মামলার আরেক আসামি আলী আসগর লবীর পক্ষে হাই কোর্টের স্থগিতাদেশ থাকায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেওয়া হয়।
