২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কর্মসূচি হবেই: রিজভী

নির্বাচনের বর্ষপূর্তিতে বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের নেতা মাহবুব-উল আলম হানিফের বক্তব‌্যের জবাবে ৫ জানুয়ারি কালো পতাকা মিছিল ‘সফল করার’ ঘোষণা দিয়েছেন রুহুল কবির রিজভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2016, 06:28 PM

Updated : 12 Apr 2022, 03:37 AM

শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “দলের পক্ষ থেকে আমরা ৫ জানুয়ারি সারাদেশে মহানগর-জেলায় কালো পতাকা মিছিল ও কালো ব্যাজ ধারণের যে কর্মসূচি ঘোষণা করেছি, সেটা হবেই।”

আওয়ামী লীগ ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ শুক্রবার এক দলীয় সভায় বলেন, “জনগণ বিএনপিকে রাস্তায় নামতে দিবে না। বিএনপিকে এই দিবস নিয়ে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে রাজপথে নামতে দেওয়া হবে না।”

নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে খালেদা জিয়ার দল বিএনপি ও তার শরিকরা। ওই নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

নির্বাচনের বর্ষপূর্তিতে ২০১৫ বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ এবং আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালনের ঘোষণা দিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি দিলে তৈরি হয় উত্তেজনা। পুলিশ ঢাকায় ১৪৪ ধারা জারি করে সমাবেশের পথ বন্ধ করে দিলে খালেদা টানা অবরোধের ঘোষণা দেন।

এরপর তিনমাসে নজিরবিহীন সহিংসতা ও নাশকতায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়, যার পেছনে বিএনপিকেই দায়ী করে আসছেন আওয়ামী লীগের নেতারা।

দশম সংসদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছর ৫ জানুয়ারি নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দিয়েছিলেন খালেদা জিয়া। আর আওয়ামী লীগ কর্মসূচি পালন করেছিল বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে।

নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি এগিয়ে আসায় গত ২৮ ডিসেম্বর কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামী ৫ জানুয়ারি কালো পতাকা মিছিল করবে তার দল। আর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৭ জানুয়ারি হবে সমাবেশ।

এ নিয়ে দুপুরে ক্ষমতাসীন দলের নেতা হানিফের বক্তব‌্যের পর বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন রিজভী।

তিনি বলেন, “আমাদের জেলা নেতৃবৃন্দ প্রস্ততি নিচ্ছেন। সকল নেতা-কর্মীর সমন্বয়ের একটি সাফল্যমণ্ডিত কর্মসূচি হবে। আগামী ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ৭ জানুয়ারির সমাবেশও হবে, আইনি যে প্রক্রিয়া তাও চলছে।”

হানিফের বক্তব্যের সমালোচনায় রিজভী বলেন, “রাজপথে নামতে দেওয়া হবে না- এটাইতো গণতন্ত্র হত্যার একটা দৃষ্টান্ত। নামতে দেবেন না কেন? ওইটা যদি গণতান্ত্রিক ভোট হয়ে থাকে, গণতন্ত্র মানেই তো সমাবেশ, গণতন্ত্র মানেই তো মিছিল।”

রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশের দাবি

রিজভী অভিযোগ করেন, কেন্দ্রীয় ব‌্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সরকার ‘ধামাচাপা দিয়ে রেখেছে’।

“প্রায় একবছর আগে এ্ই লুটপাটের ঘটনা ঘটলেও অবৈধ সরকারের অর্থমন্ত্রী ঘটনা আড়াল করে রেখেছেন। প্রতিদিন দেশি-বিদেশি গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হচ্ছে।... এতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে আমরা মনে করি।”

সরকারের ‘রাঘব-বোয়ালরা জড়িত’ জড়িত বলেই অর্থমন্ত্রী ওই প্রতিবেদন আটকে রেখেছেন কি না- সে প্রশ্ন তোলেন রিজভী।

তিনি বলেন, “আমি বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান জানাচ্ছি।”

অন‌্যদের মধ‌্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছি্লেন।