২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিমখানা দুর্নীতি: ৫ জানুয়ারি খালেদাকে হাজিরের নির্দেশ

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ‌্যগ্রহণ শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন‌্য ৫ জানুয়ারি দিন ঠিক করে দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 07:55 PM

Updated : 12 Apr 2022, 03:37 AM

ওই দিন মামলর সব আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার বলেছেন, মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সেদিন হাজির না হলে তার জামিন বাতিল করা হবে।

পুরান ঢাকার বকশী বাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত জজ আদালতের অস্থায়ী এজলাসে খালেদার জিয়া দাতব‌্য ট্রাস্ট দুর্নীতি মামলারও বিচার চলছে। এ মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্যও ৫ জানুয়ারি দিন ধার্য আছে।

বৃহস্পতিবার এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবীরা।

দিনের শুনানি শেষে বিচারক আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ঠিক করে আসামিদের হাজির হওয়ার নির্দেশ দেন।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।

তদন্ত শেষে দুদক ২০০৯ সালের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে।

তার পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায় অভিযোগ গঠন করে খালেদাসহ ছয় আসামির বিচার শুরুর নির্দেশ দেন।

আসামিদের মধ‌্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। খালেদার বড় ছেলে তারেক রহমান আছেন দেশের বাইরে।

এছাড়া সাবেক মুখ‌্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।