২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা ভোট: সাংসদদের আচরণবিধি মানাতে স্পিকারের কাছে ইসির চিঠি

জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সংসদ সদস্যদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে চিঠি পাঠাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 10:45 PM

Updated : 20 Aug 2022, 02:34 PM

নির্বাচনী কাজে অংশ না নেওয়ার পাশাপাশি চিঠিতে প্রয়োজনে সাংসদদের এলাকায় অবস্থান না করার অনুরোধও জানানো হবে বলে জানান ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

দুপুরে একজন নির্বাচন কমিশনার ‘সাংসদদের এলাকা ছাড়তে’ বলার পর এবার স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ স্বাক্ষরিত ওই চিঠি পাঠানোর কথা জানানো হলো।

ইসি সচিব রাতে এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকটি এলাকায় সাংসদদের আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা দেখা গেছে, স্থানীয়ভাবে রিটার্নিং অফিসাররা তাদের নোটিশও দিয়েছে। তবুও কমিশন সিদ্ধান্ত নিয়েছে-সাংসদদের আচরণবিধি অনুসরণের বিষয়টি স্পিকারের মাধ্যমে সবাই জানিয়ে দেওয়ার জন্যে।

তিনি বলেন, “নির্বাচনী এলাকায় না যাওয়ার পাশাপাশি এলাকায় অবস্থান করে নির্বাচনী কার্যক্রমে অংশ না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি অনুসরণে সবার সহযোগিতাও চাওয়া হয়েছে।”

এর আগে সোমবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংসদের এলাকা ছাড়ার জন্যে অনুরোধ জানান।

ইতোমধ্যে শেরপুর, হবিগঞ্জ, চাঁদপুরসহ কয়েকটি জেলায় স্থানীয় সাংসদ এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।

ইসি সচিব বলেন, “স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে পাঠানোর জন্য চিঠি জারি করা হয়েছে। মঙ্গলবার সকালেই তা পৌঁছে দেওয়া হবে। তিনি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবেন।”

জেলা পরিষদ নির্বাচনে সোমবার মধ্যরাতেই প্রচারণা শেষ হচ্ছে।

বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলা ও উপজেলায় স্থাপিত ভোট কেন্দ্রে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

পুরনো খবর:

জেলা ভোট: এমপিদের এলাকা ছাড়ার নির্দেশ