২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুটপাটের জন‌্যই গ‌্যাসের দাম বাড়ানোর উদ‌্যোগ: বিএনপি

লুটপাট এবং ক্ষমতাসীনদের পকেট ভারী করতেই গ্যাসের দাম বাড়ানোর উদ‌্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছে বিএনপির পক্ষ থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2016, 01:34 PM

Updated : 12 Apr 2022, 03:35 AM

সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “গ্যাস কোম্পানিগুলোর মোটা অংকের মুনাফার পরও সরকার বছর না ঘুরতেই মাত্র নয় মাসের ব্যবধানে গ্যাসের মূল্য দ্বিগুণ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। গ্যাস খাতে সরকারের কোনো লোকসান নেই বরং মোটা অংকের মুনাফা করছে। তারপরও কেন গ্যাসের দাম বাড়ানো হচ্ছে?

“গ্যাসের এই মূল্য বৃদ্ধির উদ্দেশ্য হচ্ছে লুটপাট, সরকারি দল ও ক্ষমতাসীনদের স্বজনদের পকেট ভারী করা। বিএনপির পক্ষ থেকে আমি অযৌক্তিক গণবিরোধী গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

গত অগাস্টে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানিতে বিতরণকারী প্রতিষ্ঠানগুলো আবাসিকে বর্তমানের দ্বিগুণ এবং পাইকারি পর্যায়ে ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয়।

৮ অগাস্ট শুনানিতে তিতাস গ‌্যাস ট্রান্সমিশন অ‌্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আবাসিকে এক চুলার মাসিক বিল ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা এবং দুই চুলা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করার প্রস্তাব দিয়েছিল

এরপর পেট্রোবাংলা পাইাকারি পর্যায়ে প্রতি ঘনফুট গ্যাস ৬.২২ টাকা থেকে বাড়িয়ে ১০.৭৯ টাকা করার প্রস্তাব দেয়।

‘বাস্তবতার নিরিখে’ বিবেচনা এবং প্রস্তাবের ‘অনুপুঙ্খ পর্যালোচনা’ করে ৯০ দিন পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা সে সময় জানিয়েছিল বিইআরসি। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

এর আগে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আবাসিকসহ কয়েকটি শ্রেণির গ্রাহকের গ্যাসের দাম বাড়ানো হয়।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “এমনিতে সাধারণ মানুষ নিদারুণ কষ্টে জীবন-যাপন করছে। এরমধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধি হলে তাদের জীবনযাত্রার ব্যয়ভার আরও বেড়ে যাবে। জনগণের অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য সবকিছুর ওপর এর প্রভাব পড়বে। বাসা ভাড়া থেকে শুরু করে পরিবহন ভাড়া বাড়বে, সেই সাথে দাম বাড়বে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের।

“ব্যবসা-বাণিজ্যের খরচ বৃদ্ধির সাথে সাথে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কষ্টকর হবে। মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ বাড়বে, মূল্যস্ফীতি বেড়ে যাবে। চাপে পড়বে দেশের অর্থনীতি।”

দিনের বেশিরভাগ সময় গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানান রিজভী।

“ব্যবসায়ীরা বলেছেন, গত বছর গ্যাসের দাম বাড়ানোর ফলে বস্ত্র খাতে উৎপাদন ব্যয় বেড়ে গেছে ব্যাপকভাবে। ফলে তাদের অন্যদেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল হয়ে পড়েছে।

“তাদের মতে গ্যাস উৎপাদন ও সরবারহের এই সংকটকালে সর্বোচ্চ প্রস্তাবিত ১৪০ শতাংশ মূল্য বৃদ্ধি দেশের তৈরি পোশাক রপ্তানি, চামড়া শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, বিদ্যুৎ উৎপাদন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ অন্যান্য গ্যাস নির্ভর শিল্প-কলকারখানার উৎপাদনকে ব্যহত করবে।”

গ্যাসের দাম বাড়লে বিএনপি কর্মসূচি দেবে কিনা জানতে চাইলে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “আমরা বাস্তবায়নের পর্যায়টা দেখি এটা বাস্তবায়ন করছে কিনা। আমরা তো এখন দাবি জানালাম, প্রতিবাদ করলাম, আহ্বান জানালাম। অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনও প্রতিবাদ জানাচ্ছে। সুতরাং সরকারের এক্ষেত্রে ভূমিকা দেখি।নিশ্চয়ই আমাদের দলের নীতিনির্ধারকরা বসে একটা সিদ্ধান্ত নেবে।”

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালউপস্থিত ছিলেন।

পুরনো খবর:

পাইকারি গ্যাসের দাম: সিদ্ধান্ত ‘৯০ দিনের মধ্যে’
বাসাবাড়িতে গ‌্যাসের দাম দ্বিগুণের প্রস্তাব তিতাসের