জঙ্গিদের বিষয়ে সরকার অবগত: কাদের
গুলশান-শোলাকিয়া হামলার পর দেশের বিভিন্ন স্থানে বেশকিছু অভিযানে প্রায় অর্ধশতাধিক জঙ্গি নিহত হলেও জঙ্গিবাদী কার্যক্রম এখনও পুরোপুরি নির্মূল হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশনের উদ্বোধনীতে জঙ্গি কার্যক্রমে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কাদের বলেন, “শোলাকিয়া ও গুলশানের হলি আর্টিজানে সফল অভিযানের পর আমরা মনে করেছিলাম দেশে জঙ্গি কার্যক্রম শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবে তা ভিন্ন।
“তলে তলে এখনো অনেকেই জঙ্গি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার উদাহরণ দক্ষিণখানের আশকোনায় হাজিক্যাম্পের কাছে আজকের ঘটনা। আজকেও কয়েকজনকে আটক করা হয়েছে। জঙ্গি কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জঙ্গিদের বিষয়ে সরকার অবগত আছে।”
গত জুলাইয়ে রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিবিরোধী অভিযানে কঠোর হয়, যাতে রাজধানীর কল্যাণপুর ও নারায়ণগঞ্জসহ দেশের কয়েকটি স্থানে প্রায় অর্ধশত জঙ্গি নিহত ও আরও অনেকে আটক হয়।
সর্বশেষ শনিবার ঢাকার আশকোনায় জঙ্গিবিরোধী অভিযানে দুজন নিহত ও এক শিশুসহ পাঁচজনকে উদ্ধার করা হয়।
স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশনে দেশের ৪৯১টি উপজেলার ষষ্ঠ থেকে নবম শ্রেণির কিশোরীরা অংশ নেয়।
কিশোরীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা আমাদরে জাতীয় জীবনের প্রধান বিপদ। এগুলো আমাদের জাতীয় জীবন ও রাজনীতিতে আঘাত করে।
সেতুমন্ত্রী আরও বলেন, “জীবন হচ্ছে একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ যে নিতে জানে না, যার সাহস ও মনোবল নেই সে কখন এগিয়ে যেতে পারবে না। বারে বারে থমকে যাবে। চ্যালেঞ্জের নামই জীবন।
“তোমাদের জীবন গড়তে হবে জীবনের জন্য, জীবিকার জন্য নয়। তোমাদের পরীক্ষার্থী নয়, শিক্ষার্থী হতে হবে। তাহলেই আমাদের দেশে কোয়ালিটি এডুকেশন সৃষ্টি হবে।”
কোনো কারণে হতাশ হলে আত্মহত্যা না করার পরামর্শ দিয়ে কিশোরীদেরকে কাদের বলেন, “ঝিনাইদহের শৈলকূপা ও হরিণাকুণ্ডে প্রায়ই শুনি কিশোর-কিশোরীরা আত্মহত্যা করে। কেন করবে? কাপুরুষের মত কেন এমন?
“জীবনটা হচ্ছে অফুরন্ত ও অবারিত। কোনো কারণে হতাশ হলে হতাশা কাটিয়ে এটাকে উপভোগ করতে হবে।”
এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, শিক্ষাসচিব মো. সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।
