২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষ ভোটের কারণে নৌকার বিজয়: আইভী

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটের জন‌্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন‌্যবাদ জানিয়েছেন মেয়র পদে বিজয়ী তার দলের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 07:13 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এসে সংক্ষিপ্ত বক্তব‌্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে নিরপেক্ষ ভোটের জন‌্য অবিচল ছিলেন। তার জন‌্যই নিরপেক্ষ নির্বাচন হয়েছে।

“নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলেই নৌকার জয় হয়েছে।”

নারায়ণগঞ্জে সুষ্ঠু ভোটের যে উদাহরণ সৃষ্টি হয়েছে তা সারা দেশে অব‌্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইভী।

তিনি বলেন, “প্রমাণ হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন সম্ভব। নারায়ণগঞ্জে যে উদাহরণ সৃষ্টি হল, তা সারা বাংলাদেশে হবে।”

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটে হারিয়ে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী আইভী। এর আগে ২০১১ সালে নির্দলীয় ভোটে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী এ কে এম শামীম ওসমানকে প্রায় এক লাখ ভোটে হারিয়ে মেয়র হয়েছিলেন তিনি।

এবার ক্ষমতাসীন দলের প্রার্থী হয়েও নির্বাচনে ‘তৃতীয় পক্ষের’ বিশৃঙ্খলার শঙ্কা প্রকাশ করেছিলেন আইভী। ‘তৃতীয় পক্ষ’ বলতে কাদের বোঝাচ্ছেন, আইভী তা না বললেও নারায়ণগঞ্জের অনেকের মতে শামীম ওসমানকেই ইঙ্গিত করেছিলেন তিনি।

বক্তব্য শেষে শেখ হাসিনার পাশের চেয়ারে বসার আগে আইভী দলীয় সভানেত্রীর পা ছুঁয়ে সালাম করেন। এ সময় শেখ হাসিনা আইভীর কপালে চুমু দেন।

আইভী তার এই বিজয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি উৎসর্গ করেন।

এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ছাড়াও আনোয়ার হোসেন এলেও ‘বড় ভাই’ শামীম ওসমান ছিলেন না।

গণভবনে পৌঁছালে আইভীকে জড়িয়ে ধরেন শেখ হাসিনা। তার হাতে ফুলের নৌকা তুলে দেন আইভী।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন ও মুহিবুল হক চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

শুরুতেই আইভীকে নিয়ে মঞ্চে গিয়ে বসেন প্রধানমন্ত্রী। তার ডান দিকে বসেন আইভী এবং বাঁ পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বক্তব্যের শুরুতে কাঁপাকাঁপা গলায় আইভী বলেন, “আমি স্পিচলেস। যেদিন নেত্রী আমার হাতে নৌকা তুলে দেন, সেদিন আমি বলেছিলাম, ২২তারিখ নেত্রীর হাতে এই নৌকা ফেরত দেব।

“যে আস্থা নারায়ণগঞ্জবাসীর প্রতি দেখিয়েছেন, নৌকা ফেরত দিয়ে তারা তার প্রমাণ দিয়েছেন।”

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইভী বলেন, “এই পরিশ্রম ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করা সম্ভব হয়েছে আপনার জন্য।”

“আপনি নিরপেক্ষ নির্বাচন করবেন বলেছিলেন। নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলেই নৌকার জয় হয়েছে।”

দলীয় সভানেত্রীর কথায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী নির্বাচনে তার পক্ষে কাজ করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান আইভী।

নারায়ণগঞ্জবাসীর সেবায় কাজ অব‌্যাহত রাখার প্রতিশ্রুতি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা প্রত‌্যাশা করেন তিনি।

নারায়ণগঞ্জ শহরের দুই পাড়ের মানুষের সংযোগ তৈরিতে শীতলক্ষ‌্যা নদীতে একটি সেতু তৈরির জন‌্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী তার বক্তব‌্যে আইভীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। 

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করেন তিনি।