ওয়াদা পালন করেছি: কাদের
ওয়াদা মতো সুষ্ঠুভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জে ভোটের পর দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে কাদের বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে হবে- এটা আমরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জাতিকে ওয়াদা দিয়েছিলাম। সে ওয়াদা পালন করেছি।
“শান্তিপূর্ণ নির্বাচনের এটা একটা রেকর্ড হয়েছে বলে আমি মনে করি। এই নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে কিনা এরকম জল্পনা-কল্পনা ছিল অনেকের। সব জল্পনা-কল্পনা অমূলক হয়েছে।”
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
নির্বাচন সুষ্ঠু হয়েছে, বিএনপির এই বক্তব্যকে কিভাবে দেখেন জানতে চাইলে কাদের বলেন, “শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এবং তিনি যে গণতন্ত্রের মানসকন্যা- এটা তার প্রমাণ।
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
“এই অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপশি সফল নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকেও অভিনন্দন জানাই। আমরা আশাবাদী জনগণের রায়ে আমাদের প্রার্থী বিজয়ী হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দীপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম প্রমুখ।
