বিজয় দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা
মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে দল ও সংঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৮টায় প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্বরণে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন ও আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ, রেলমন্ত্রী মুজিবুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী,দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।
এরপর একে একে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
