২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে অংশ নিতে বঙ্গভবনে বিকল্পধারার চিঠি

সংসদের বাইরে থাকা বিকল্পধারাও নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করতে চাইছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 10:15 PM

Updated : 20 Aug 2022, 02:29 PM

বৃহস্পতিবার এই আগ্রহ প্রকাশ করে বঙ্গভবনে চিঠি দিয়েছে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন দলটি।

মহাসচিব আবদুল মান্নান স্বাক্ষরিত চিঠিটি সহসভাপতি শাহ আহম্মেদ বাদল এবং মহাসচিবের একান্ত সচিব জিএম ফারুক খান বঙ্গভবনে পৌঁছে দিয়ে আসেন বলে বিকল্পধারার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “চিঠিতে নির্বাচন কমিশন গঠন নিয়ে দলের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করে সময় চাওয়া হয়েছে।”

নতুন নির্বাচন কমিশন গঠনে সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনার মধ‌্য দিয়ে আগামী ১৮ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এরপর ২১ ডিসেম্বর সংসদের বাইরে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক-শ্রমিক জনতা লীগের সঙ্গে সংলাপ রয়েছে রাষ্ট্রপতির।

এছাড়া ২০ ডিসেম্বর জাতীয় পার্টি এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।