২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেনে ছাত্রলীগের অনুষ্ঠানে ওবায়দুল কাদের

ইডেন কলেজে ছাত্রলীগের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংগঠনটির কর্মীদের পড়াশোনা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 09:11 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

বৃহস্পতিবার রাজধানীর এই কলেজের ক‌্যাম্পাসে ‘স্বাধীনতার ৪৫ বছরের ইতিহাস ও স্বাধীনতায় নারীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ।

আলোচনা সভায় বক্তব‌্যে ইডেন কলেজ ছাত্রলীগ নেতা-কর্মীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “আমি সেই ছাত্রলীগকে চাই না, যারা হলের সিট ভাগাভাগি করে, নিজেদের দল ভারী করার জন্য শিক্ষকদের উপর চাপ দিয়ে ভর্তি বাণিজ্য করে।”

“এগুলো বাদ দিয়ে তাদের পড়াশোনা করতে হবে। ছাত্রলীগ ছাত্রলীগের শত্রু যেন না হয়ে যায়,” বলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদেরকে পেয়ে ইডেন ছাত্রলীগের নেতা-কর্মীদের বেশ উচ্ছ্বাস দেখা যায়। হাস‌্যোজ্জ্বল নেতা-কর্মীদের সঙ্গে হাসিমুখে সেলফিও তুলতে দেখা যায় এই মন্ত্রীকে।

ইডেন কলেজ ছাত্রলীগ আয়োজিত এই আলোচনা সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইনও বক্তব‌্য রাখেন।

ইডেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক তাসলিমা আক্তারের সভাপতিত্বে এই সভায় আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, ইডেন কলেজের অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জীও বক্তব‌্য রাখেন।

‘এ কী কথা শুনি!’

জামায়াতে ইসলামীকে জোটে রেখে একাত্তরের স্বাধীনতাবিরোধীদের বিচার চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব‌্যে বিস্ময় প্রকাশ করেন ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে তিনি বলেন, “আজকে আমার কাছে অবাক লাগে, পত্রিকায় দেখলাম বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায়’।

“এটা এ বছরের সেরা কৌতুক নয়? এটা কি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে তামাসা নয়? এটা কি নির্মম রসিকতা নয়?”

“আজকে ফখরুল ইসলামের মুখে এ কী শুনি? বানরে সঙ্গীত গায়, শিলা জলে ভাসে। ভালোই তো লাগছে, আর কত মিথ্যাচার, আর কত নিষ্ঠুর তামাশা, আর প্রতারণা করবেন?”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব প্রত্যাখ‌্যান করে ওবায়দুল কাদের বলেন, “হত্যা, হত্যাকে ডেকে আনে, রক্ত রক্তকে ডেকে আনে। খুন খুনকে ডেকে আনে। আপনার স্বামী বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করলেন, বিদেশি দূতাবাসে চাকরি দিলেন।

“কার সঙ্গে সংলাপ? তারপরও গত নির্বাচনে সংলাপ করতে চেয়েছিলাম। এই কারণে যে সবার আগে বাংলাদেশ। শেখ হাসিনা কি আমন্ত্রণ জানাননি? গণভবনে কি ৫ জানুয়ারি নির্বাচনের আগে বেগম জিয়াকে আমন্ত্রণ করেননি?”

“সেদিন যদি বেগম জিয়া সেখানে যেতেন, তবে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন হত।”

“শেখ হাসিনার ডাকে গত নির্বাচনে আপনারা সাড়া দিলেন না, নির্বাচন করলেন না, সে ভুলের খেসারত আপনারা দিচ্ছেন,” বলেন ওবায়দুল কাদের।