২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে বাইরে রেখে সাখাওয়াতের পক্ষে জোটের সমন্বয় কমিটি

অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের নির্বাচনী প্রচারে সমন্বয় কমিটি করেছে ২০ দলীয় জোট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2016, 02:20 PM

Updated : 20 Aug 2022, 02:25 PM

জোটের শরিক দলগুলোকে তিনটি দলে ভাগ করে গঠিত কমিটির প্রধান হিসেবে রয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার; সদস্য সচিব ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া।

মঙ্গলবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শরিক দলগুলোর মহাসচিবদের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমন্বয় কমিটি ঘোষণা করেন।

গত সপ্তাহে সাখাওয়াতের পক্ষে নির্বাচন পরিচালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে দলীয় সমন্বয় কমিটি করা হয়। এ কমিটির সদস্য সচিব সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।

সমন্বয় কমিটির তিনটি ভাগ:

‘ক’ টিম- কল্যাণ পার্টি, ন্যাপ, বিজেপি, এনডিপি ও ডিএল।

‘খ’ টিম- জাতীয় পার্টি (কাজী জাফর), জাগপা, এনপিপি, লেবার পার্টি, পিপলস লীগ, সাম্যবাদী দল।

‘গ টিম- জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, ইসলামিক পার্টি, ন্যাপ-ভাসানী ও মুসলিম লীগ।

জোটের কমিটিতে জামায়াতে ইসলামীকে না রাখার বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, “যেহেতু জামায়াত কোনো প্রতিনিধির নাম দেয়নি, সেজন্য দেইনি। পরে যখন দেবেন তখন দেখা যাবে।”

জোটের শীর্ষ নেতৃত্ব আগামী ১০ ডিসেম্বর সকাল ১১টা থেকে সাখাওয়াত হোসেনের পক্ষে প্রচারে নামবেন বলে জানান বিএনপি মহাসচিব।

এর আগে সকাল সাড়ে ১১টায় ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক হয় মির্জা ফখরুলের সভাপতিত্বে। বৈঠকে জামায়াতে ইসলামী ও এলডিপির প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

পুরনো খবর:

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়ক গয়েশ্বর