ডিসেম্বরে তিন দিবস পালনে বিএনপির কর্মসূচি
বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দুইদিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এছাড়া ৬ ডিসেম্বর ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ পালনেও একদিনের কর্মসূচি রেখেছে দলটি।
বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন।
এসব কর্মসূচির মধ্যে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা এবং বুদ্ধিজীবীদের স্মরণে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন করা হবে।
মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকালে খালেদা জিয়ার নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং পরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা এবং বিজয় শোভাযাত্রা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)
বিজয় দিবসের দিন রাজধানীতে বিজয় শোভাযাত্রা করার কথা জানিয়ে মহাসচিব বলেন, “এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইব। আশা করি, আমরা তাদের সহযোগিতা পাব।”
এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো পোস্টার প্রকাশ করবে বলেও জানান তিনি।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিজয় দিবস উপলক্ষে ঢাকায় ২৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ করবে। এছাড়া ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বিএনপি আলোচনাসভা করবে।
আলোচনা সভাগুলোর স্থান ও সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর জানানো হবে বলে ফখরুল জানান।
