২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে অগাস্ট মামলা: কাহারকে মুফতি হান্নানের পক্ষে জেরা

একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা রাষ্ট্রপক্ষের সাক্ষী আব্দুল কাহার আকন্দকে জেরা করছেন আসামি মুফতি হান্নানের আইনজীবী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 11:38 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

এর আগে মামলার আরেক আসামি বিএনপি নেতা তারেক রহমানের আইনজীবী তাকে জেরা করেছিলেন।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন মঙ্গলবার এ জেরা শোনেন।

পরে আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর মুফতি হান্নানের পক্ষে আরও জেরার জন্য দিন রাখেন বিচারক।

নূর রিয়াল স্টেটে একুশে অগাস্ট হামলার ষড়যন্ত্র, হাওয়া ভবন পরিদর্শন, মুফতি হান্নানকে ‘নির্যাতনের মাধ্যমে’ স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয় অবতারণা করে কাহার আকন্দকে জেরা করেন হান্নানের আইনজীবী সাইফুর রশিদ সবুজ।

এই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলী আবু আব্দুল্লাহ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিআইডি পুলিশের জ্যেষ্ঠ বিশেষ সুপার কাহার আকন্দ ট্রাইব্যুনালে ১৫ দিন ধরে স্বাক্ষ্য দিচ্ছেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ জন আহত হন।

সন্ত্রাসবিরোধী ওই সমাবেশের প্রধান অতিথি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ামাত্র গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ শুরু হয়। এতে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি নষ্ট হয়।

বিএনপি-জামায়াত জোট আমলে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার পর তত্ত্বাবধায়ক সরকার আমলে অভিযোগপত্র দিয়ে বিচার শুরু হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর অধিকতর তদন্ত হয়। এতে আসামির তালিকায় যোগ হন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ৩০ জন।