২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীকে ২০ দলের সমর্থন

নারায়নগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে সমর্থন জানিয়েছে ২০ দলীয় জোট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 11:29 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর জোটের দুই দল এলডিপি ও কল্যাণ পার্টি তাদের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে জোটের বৈঠকের পর এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “সভায় নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের প্রতি পূর্ণ সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট। এই নির্বাচনে আমাদের অন্যতম শরিক কল্যাণ পার্টি ও এলডিপির যে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা তা প্রত্যাহার করে নেবেন।”

আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচন হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী করেছে বিদায়ী মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।

বৈঠকে নির্বাচন কমিশন শক্তিশালী করতে খালেদা জিয়ার প্রস্তাবের পক্ষে সারাদেশে জনমত গড়ে তোলারও সিদ্ধান্তও হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।

২০ দলের বৈঠকে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের উপর নিন্দা প্রকাশ করে মিয়ানমারের সরকার ও জাতিসংঘের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কলেজ জাতীয়করণের আন্দোলনে পুলিশি হামলায় একজন শিক্ষকের নিহত হওয়ার ঘটনার নিন্দাও জানিয়েছে ২০ দল।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে খেলাফত মজলিশের মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের আবদুল করীম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, জাগপার খোন্দকার লুৎফর রহমান, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বিজেপির আবদুল মতির সউদ, জমিয়তে উলামে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি উপস্থিত ছিলেন।

জোটের বৈঠকের পর নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে সমন্বয় কমিটি ও জেলা নেতাদের সঙ্গে আলোচনা করেন খালেদা জিয়া।

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, মোহাম্মদ শাহজাহান, আমানউল্লাহ আমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জের নেতা তৈমুর আলম খন্দকার, কাজী মুনির, আবুল কালাম, গিয়াস উদ্দিন, আতাউর রহমান আঙ্গুর।