লন্ডনফেরত সৈয়দ আশরাফের বাসায় কাদের
লন্ডনফেরত আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তার বাসায় গিয়ে দেখা করেছেন এই পদে নতুন দায়িত্বে আসা ওবায়দুল কাদের।
তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে নবনির্বাচিত সাধারণ সম্পাদকসহ দলের কয়েকজন নেতা সোমবার সকালে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসায় যান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বভার থেকে মুক্ত হওয়ার পর যুক্তরাজ্যে পরিবারের সঙ্গে একমাস কাটিয়ে রোববার দেশে ফিরেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ।
দলের কাউন্সিলের পর পুরনো ও নতুন সাধারণ সম্পাদকের মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ।
প্রায় আধঘণ্টার সাক্ষাতে আরও ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এবং তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।
এবিষয়ে খালিদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১১টার দিকে আমরা কয়েকজন আশরাফ ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বেলা পৌনে ১২টার দিকে কাদের ভাই সৌজন্য সাক্ষাৎ করতে আসার পর ২০-২৫ মিনিট ছিলেন।
“দুজনে অত্যন্ত হৃদ্যতার্পূণভাবে কথা বলেছেন। বর্তমান সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদকের কাছে পরামর্শ চেয়েছেন। মূলত আশরাফ ভাইয়ের পরিবারের খোঁজখবর নিয়েছেন। লন্ডনে চিকিৎসাধীন আশরাফ ভাইয়ের স্ত্রীর খোঁজখবরও নেন কাদের ভাই।”
ফেইসবুক থেকে নেওয়া
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, দলে তাদের মধ্যে ‘মতান্তর’ থাকলেও কোনো ‘মনান্তর’ নেই।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ ২০০৭ সালে আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরতে এগিয়ে আসেন। পরে কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক হন তিনি।
টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর এবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে স্থান পেয়েছেন তিনি।
কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন আশরাফ, যাকে চমক বলছেন কাদের।
